কদর বেড়েছে লাল চিংড়ির, রেস্তোরাঁয় স্যুপে ব্যবহারসহ হচ্ছে রপ্তানি
সমুদ্রে নিয়মিতই ধরা পড়ে চিংড়ি মাছের লাল রঙের একটি প্রজাতি। কক্সবাজার উপকূলে সামুদ্রিক এই চিংড়ি আগে জেলেরা বালুচরে ফেলে দিতেন। কাক ওই মাছ খেত। তখন স্থানীয় লোকজনের কাছে এটি পরিচিত ছিল ‘কাউয়া ইছা’ নামে। কয়েক বছর ধরে সমুদ্রসৈকতে এ চিংড়ির ওপরে ময়দার প্রলেপ দিয়ে ভেজে বিক্রি করা হচ্ছে। এভাবে মচমচে ভাজা এ চিংড়ির নাম হয়ে যায় ‘ক্যাপ টাইগার’।
বছরখানেক ধরে চিংড়ি মাছের এ প্রজাতিটি ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এ ছাড়া কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন অভিজাত রেস্তোরাঁ ও তারকা মানের হোটেলগুলোতে স্যুপের সঙ্গে ব্যবহার করা হচ্ছে এটি। নাম দেওয়া হয়েছে ‘রেড টাইগার’। আর স্থানীয় লোকজন এটিকে চেনেন ‘লাল ইছা’ নামে। স্থানীয় লোকজন কেউ কেউ এটি তরকারির সঙ্গে রান্না করেও খান।
শহরের বিভিন্ন হাটবাজারে প্রতি কেজি বাগদা চিংড়ি (কালা ইছা) বিক্রি হয় ৭০০ থেকে ৯০০ টাকায়, ছোট চিংড়ি (সাদা ইছা) প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকায় আর রেড টাইগার প্রতি কেজি বিক্রি হয় ১৫০-২০০ টাকায়।
বাগদা চিংড়ি রান্না করা হয় খোলসসহ। খাওয়ার সময় খোলস ফেলে দিয়ে ভেতরের অংশ খেতে হয়। আর সাদা চিংড়ি তরকারির সঙ্গে খোলসসহ রান্না করা হয়। রান্নার পর খাওয়া যায় খোলসসহ। আর রেড টাইগার খোলস তুলে রান্না করতে হয়। কারণ, এর খোলস মোটা এবং খুব শক্ত। আড়াই কেজি রেড টাইগারের খোলস তুলে ফেললে মাছের অংশ পাওয়া যায় এক কেজির মতো। এ জন্য এ চিংড়ি দামে সস্তা। খোলসমুক্ত রেড টাইগার বিক্রি হয় প্রতি কেজি ৫০০ থেকে ৮০০ টাকায়।
কক্সবাজার সমুদ্রসৈকতের মৎস্য ব্যবসায়ীরা জানান, প্রতি মৌসুমে (নভেম্বর থেকে এপ্রিল) কক্সবাজার উপকূল থেকে প্রায় সাড়ে তিন হাজার মেট্রিক টন রেড টাইগার আহরণ করা হয়। এর থেকে খাওয়ার উপযোগী খোলসমুক্ত চিংড়ি পাওয়া যায় দেড় হাজার মেট্রিক টনের বেশি। যার বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।
বৃহস্পতিবার দুপুরে শহরের পাইকারি মাছের বাজার নুনিয়াছটা ফিশারিঘাটের মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৩০ জনের বেশি ব্যবসায়ী প্রায় পাঁচ টন ‘রেড টাইগার’ কিনে হিমাগারে মজুত করছেন।
বাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে রেড টাইগার কিনেছেন মেসার্স রুপালি ফিশিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. আলমগীর। মাছগুলো তিনি হিমায়িত করে রেখেছেন। কারণ জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘২০ মে থেকে ৬৫ দিন মাছ আহরণ ও বিক্রি বন্ধ থাকবে। তাই ফ্রিজিং করে রাখছি। নিষেধাজ্ঞা শেষ হলে এই মাছ পাঠানো হবে খুলনায়। সেখান থেকে রপ্তানি করা হবে ইউরোপের বিভিন্ন দেশে।’
মেসার্স মুজিব এন্টারপ্রাইজের মালিক মুজিবুর রহমান (৪২) কিনেছেন ৫০০ কেজি রেড টাইগার। কয়েক শ্রমিককে দিয়ে মাছের খোলস ওঠানোর কাজ করাচ্ছিলেন তিনি। মুজিবুর রহমান বলেন, খোলসবিহীন রেড টাইগার সরবরাহ করা হবে কক্সবাজারের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয়। বেশিরভাগ মাছ ব্যবহার করা হয় স্যুপ রান্নায়। নুডলস, সবজি, ভর্তায়ও এই চিংড়ির ব্যবহার বাড়ছে। এ ছাড়া শহরের সুগন্ধা, কলাতলী ও লাবনী সৈকতে অন্তত ৫০টি ভ্রাম্যমাণ দোকানে রেড টাইগার ভেজে বিক্রি করা হয়। প্রতিটি রেড টাইগারের দাম ১৫ টাকা। খোলসসহ এ চিংড়ি ভেজে পরিবেশন করা হয় বলে অনেকে খেতে অস্বস্তি বোধ করেন।
কয়েক ব্যবসায়ী বলেন, এক মাস ধরে সাগরে অন্যান্য মাছ না মিললেও রেড টাইগার ধরা পড়ছে বিপুল পরিমাণে। প্রতিদিন শহরের এই মৎস্য অবতরণ কেন্দ্র (ফিশারি ঘাট) থেকে গড়ে পাঁচ মেট্রিক টন রেড টাইগার সরবরাহ করা হচ্ছে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। ৭০ শতাংশ রেড টাইগার যায় খুলনা ও চট্টগ্রামে। সেখান থেকে এই চিংড়ি রপ্তানি করা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। বিদেশে এসব মাছ স্যুপ রান্নায় ব্যবহার করা হয়।
মৌসুমে কী পরিমাণ রেড টাইগার আহরণ ও রপ্তানি হচ্ছে, জেলা মৎস৵ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এর সঠিক পরিসংখ্যান জানা যায়নি। জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, ‘জেলায় মৌসুমে কী পরিমাণ ইলিশ বা সামুদ্রিক মাছ আহরণ করা হয়, এর হিসাব আমাদের কাছে রয়েছে। তবে আলাদাভাবে এই চিংড়ি মাছের হিসাব নেই।’
বোট মালিক সমিতি, ব্যবসায়ী ও বিক্রির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাষ্য, কক্সবাজার উপকূলে দৈনিক ২০ মেট্রিক টন রেড টাইগার ধরা হচ্ছে। এ হিসাবে মাসে ধরা হয় ৬০০ মেট্রিক টন। মৌসুমের ৬ মাসে আহরণ করা হয় ৩ হাজার ৬০০ মেট্রিক টন। খোলসবিহীন রেড টাইগার পাওয়া যায় ১ হাজার ৫০০ মেট্রিক টনের বেশি। যার বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, রেড টাইগার ধরার জন্য জেলার বিভিন্ন উপকূলে অন্তত দুই হাজার বিহিঙ্গি জাল বসানো হয়। এ ছাড়া উপকূলের কাছাকাছি আরও দুই থেকে আড়াই হাজার নৌকায় এ চিংড়ি ধরা পড়ে।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, জেলায় সাগরে মাছ ধরার ট্রলার রয়েছে ছোট–বড় ছয় হাজার। এসব ট্রলারের জালে ধরা পড়ে ইলিশ, কোরাল, লাক্ষ্যা, চাপা, মাইট্যা, গুইজ্যাসহ বড় আকারের সামুদ্রিক মাছ। এগুলোতে রেড টাইগার ধরা পড়ে না।
মুজিবুর রহমান আরও বলেন, বেশিরভাগ রেড টাইগার ধরা পড়ে ছোট ফাঁদবিশিষ্ট বিহিঙ্গি জালে। গভীর সাগরে মা চিংড়ি ও বড় মাছ ধরার ট্রলিং জাহাজেও রেড টাইগার ধরা পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা সমুদ্রে নেমে ট্রলিং জাহাজ থেকে প্রতি মণ রেড টাইগার আড়াই থেকে তিন হাজার টাকায় কিনে এনে ফিশারিঘাটে ৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।