চট্টগ্রাম বন্দরে কনটেইনারের ভেতরে থাকা তেজস্ক্রিয়তাযুক্ত পণ্যের অবস্থান শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। টেলিসার্ভেমিটারের (তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্র) মাধ্যমে কনটেইনারের ভেতরের দিকে তেজস্ক্রিয়তাযুক্ত পণ্যটি শনাক্ত করা হয়। কনটেইনারটিতে ১৯ টন পুরোনো ইস্পাতের পণ্য রয়েছে।
গতকাল বুধবার বন্দর চত্বরে সকাল নয়টা থেকে প্রায় নয় ঘণ্টা ওই কনটেইনারের ভেতর থেকে পুরোনো ইস্পাত পণ্যের সিংহভাগ সরিয়ে নেওয়া হয়। তবে এর মধ্যে তেজস্ক্রিয়তাযুক্ত পণ্যটি ছিল না। সব পণ্য সরিয়ে নিতে না পারায় কনটেইনার বন্ধ করে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার তেজস্ক্রিয়তাযুক্ত পণ্যটি কনটেইনার থেকে অপসারণ করা হবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।
পরমাণু শক্তি কমিশন চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক বিজ্ঞানী মাসুদ কামাল সাংবাদিকদের বলেন, তেজস্ক্রিয়তাযুক্ত পণ্যের সংস্পর্শে আসা মানুষের জন্য ক্ষতিকর। এ জন্য খুব সাবধানতা অবলম্বন করে পণ্য সরিয়ে নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এটা মানুষের সংস্পর্শে না আসে, সে জন্য উদ্ধার করে নিরাপদে সংরক্ষণ করা হবে।
গতকাল বন্দর চত্বরে দেখা যায়, নিরাপত্তা সুরক্ষা নিয়ে শ্রমিকেরা কনটেইনার খুলে পণ্য সরিয়ে নিচ্ছেন। পুরোনো ইস্পাতের ছোট-বড় টুকরা সরিয়ে কাছাকাছি আরেকটি কনটেইনারে রাখছেন। পণ্য সরিয়ে নেওয়ার সময় বিজ্ঞানীরা যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয়তার মাত্রা শনাক্ত করছেন।
চট্টগ্রাম বন্দর থেকে ভারতে রপ্তানির পথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে গত বছরের ২৯ এপ্রিল ওই কনটেইনারের ভেতরে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা শনাক্ত হয়। এর পরই কনটেইনারটি চট্টগ্রামে ফেরত পাঠানো হয়। তেজস্ক্রিয়তাযুক্ত পণ্য উদ্ধার ও সংরক্ষণের জন্য গত মঙ্গলবার থেকে প্রাথমিক কাজ শুরু করেন যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ২৩ বিজ্ঞানী।
উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, এর আগে শ্রীলঙ্কা ও বাংলাদেশে দুটি পৃথক পরীক্ষায় কনটেইনারের বাইরে থেকে তেজস্ক্রিয়তার মাত্রা শনাক্ত করা হয়।
চট্টগ্রাম বন্দরের মেগাপোর্টস প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী সাংবাদিকদের বলেন, কনটেইনারের ভেতরে একেবারে শেষ অংশে তেজস্ক্রিয়যুক্ত পণ্যটি রয়েছে। আজ এটি কনটেইনার থেকে অপসারণ করা হবে।