কপাট নষ্ট, স্লুইসগেট বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়ার চোয়ারফাঁড়ি স্লুইসগেট। কপাট আছে ১৬টি। এর মধ্যে সাতটিই নষ্ট। অন্যগুলোও মরচে ধরে ঠিকভাবে কাজ করছে না। স্লুইসগেটটি কার্যত বিকল হয়ে পড়েছে। ফলে জোয়ারের সময় লবণাক্ত পানি ঢুকে পড়ছে ফসলি জমিতে।

জনপ্রতিনিধি ও চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চোয়ারফাঁড়ি এলাকার এই স্লুইসগেটটির অবস্থান উপজেলার সাহারবিল ইউনিয়নে চকরিয়া-বদরখালী সড়কের ভরামাতামুহুরী খালের ওপর। তবে উপকূলের আরও তিনটি ইউনিয়ন—পূর্ব বড় ভেওলা, বিএমচর ও পশ্চিম বড় ভেওলারও চাষাবাদ নির্ভর করে এটির ওপর। স্লুইসগেটটি বিকল হয়ে পড়ায় কৃষকেরা বোরো ও শীতকালীন সবজির আবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন।

সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসিন বাবুল প্রথম আলোকে বলেন, অন্তত ২০ বছর আগে স্লুইসগেটটি নির্মিত হয়। কয়েক বছর ধরে গেটের কপাটে মরচে ধরা শুরু হয়। ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় এখন গত তিন মাস ধরে সাতটি কপাট নষ্ট হয়ে পড়ে আছে। বিষয়টি উপজেলা পরিষদের সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে।

সম্প্রতি সরেজমিনে দুপুরে দেখা যায়, স্লুইসগেটটির উত্তর ও দক্ষিণ দুই পাশে মোট ১৬টি কপাট (পানি চলাচলের ফটক) রয়েছে। সবগুলোই খোলা। এর মধ্যে অন্তত উত্তরে চারটি ও দক্ষিণে পাশে তিনটি কপাট নষ্ট। সচল থাকা কপাটগুলোও জরাজীর্ণ অবস্থা।

কৃষক নমিউদ্দিন, সাইফুল ইসলাম ও মো. বাদশা প্রথম আলোকে বলেন, সামনে বোরোর আবাদ করতে হবে। এখন চলছে বীজতলা তৈরির কাজ। লবণাক্ত পানির কারণে খাল থেকে সেচ দেওয়া যাচ্ছে না। তা ছাড়া পর্যাপ্ত সেচের অভাবে এবার শীতকালীন সবজি চাষও কম হয়েছে। 

উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, জোয়ারের সময় বঙ্গোপসাগরের লবণাক্ত পানি মাতামুহুরী নদী হয়ে ভরামাতামুহুরী খালে চলে আসে। জোয়ারের লবণাক্ত পানি ঠেকানোর জন্য স্লুইসগেটটি নির্মিত হয়। এখন অনায়াসে লবণাক্ত পানি ঢুকে পড়ায় চাষবাদ হুমকির মুখে পড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল্লাহ কুতুবী প্রথম আলোকে বলেন, স্লুইসগেটটি দ্রুত মেরামত করা না হলে চারটি ইউনিয়নের চাষাবাদে বিপর্যয় নেমে আসবে। বিষয়টি তাঁরা পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানিয়েছেন। 

এ ব্যাপারে পাউবোর কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান প্রথম আলোকে বলেন, কক্সবাজারে ৩৪টি বিকল ও নষ্ট স্লুইসগেট মেরামতের জন্য ১ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে চকরিয়া উপজেলার চোয়ারফাঁড়ি স্লুইসগেটটিও রয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামতের কাজ শুরু করা হবে।