কপোতাক্ষ খনন করে মাটি নদে ফেলায় প্লাবনভূমি ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের নেতারা প্রকল্প এলাকা পরিদর্শন করেন। শুক্রবার ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকায়
ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলায় কপোতাক্ষ নদ খনন করে মাটি নদের মধ্যেই ফেলা হচ্ছে। ফলে নদের প্লাবনভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদ খনন প্রকল্পের নকশায় নদতট রক্ষার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাই উদাসীন। শুক্রবার কপোতাক্ষ নদ খননকাজ পরিদর্শনে এসে কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের নেতারা এসব কথা বলেন।

এ বিষয়ে আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির বলেন, পানি উন্নয়ন বোর্ডই নদীতট আইন মানছে না। নদের খনন করা মাটি নদের মধ্যেই ফেলা হচ্ছে। সে কারণেই নদের চেহারা খালের রূপ ধারণ করেছে। নদ খননের আগে এর যে প্রশস্ততা ছিল, খননের পরে নদ তার আপন চেহারা ফিরে পাচ্ছে না। নদীতট আইন মানা হলে বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যা হতো না।

এসব বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নদ খনন প্রকল্পের আওতায় ১১ জন ঠিকাদারের মাধ্যমে চৌগাছার তাহেরপুর থেকে ঝিকরগাছা হয়ে মনিরামপুরের চাকলা পর্যন্ত মোট ৭৯ কিলোমিটার নদ পুনঃখনন করা হবে। ২০২১ সালের ১ আগস্ট থেকে খনন কাজ শুরু হওয়ার কথা থাকলেও পানি বেশি থাকায় সম্ভব হয়নি। সম্প্রতি শুরু হওয়া প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৩ সালের ২ জুন পর্যন্ত। যার চুক্তিমূল্য ৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার ৯০৭ টাকা। খননের গড় প্রস্থ প্রায় ৪৫ দশমিক ৫৫ মিটার এবং গড় গভীরতা ১ দশমিক ৪০ মিটার। এ ছাড়া খননের তলা নির্ধারণ করা হয়েছে ৩৫ মিটার।

কপোতাক্ষ নদ খনন করে মাটি নদের মধ্যেই ফেলা হচ্ছে। শুক্রবার ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকায়
ছবি: সংগৃহীত

কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটি সূত্রে জানা যায়, শুক্রবার ঝিকরগাছার আন্দোলন কমিটির পক্ষ থেকে কাটাখালী থেকে মাগুরা পর্যন্ত পাঁচ কিলোমিটার নদ পরিদর্শন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের ঝিকরগাছা কমিটির আহ্বায়ক আবদুর রহিম, সদস্য রবিউল ইসলাম, শিক্ষক ইলিয়াস উদ্দীন ও বিমল ঘোষ, সাংবাদিক রফিকুল ইসলাম, আতাউর রহমান, আফজাল হোসেন, সোহানুর রহমান প্রমুখ। এই নদের উৎপত্তি চুয়াডাঙ্গা জেলার মাথাভাঙ্গা নদী থেকে। পরে নদটি যশোরের চৌগাছা উপজেলায় ভৈরব ও কপোতাক্ষ দুটি শাখায় বিভক্ত হয়ে খুলনার পাইকগাছা উপজেলার কাছে শিবসা নদীতে গিয়ে পতিত হয়েছে।

পরিদর্শন শেষে কমিটির উপদেষ্টা ইকবাল কবির বলেন, নদ খনন প্রকল্প এলাকায় কোনো সাইনবোর্ড স্থাপন করা হয়নি। যে কারণে প্রকল্প সম্পর্কে মানুষ কিছুই জানতে পারছে না। জাতীয় সংসদে আইন প্রণয়ন করে ১৯২৬ ও ১৯৬২ সাল অনুযায়ী নদ সম্পদ উদ্ধার ছাড়া এসব নদ বাঁচানো যাবে না।