কবরস্থানে পানি, ভবদহ সংগ্রাম কমিটির নেতার দাফন দুই কিলোমিটার দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী সরদার
ছবি: সংগৃহীত

যশোরের ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী সরদার (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়।

মোহাম্মদ আলী সরদার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার সমাধানের জন্য আন্দোলন করেছেন। জলাবদ্ধতার জন্য আজ তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা যায়নি। প্রায় দুই কিলোমিটার দূরে সরকারি কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

নদী দিয়ে পানি নিষ্কাশিত না হওয়ায় ভবদহ অঞ্চল জলাবদ্ধ হয়ে আছে। মোহাম্মদ আলী সরদারের বাড়ি ভবদহ অঞ্চলে। তাঁর বাড়িঘর জলাবদ্ধ হয়ে আছে। পারিবারিক কবরস্থানেও হাঁটুপানি। আজ শনিবার দুপুরে সরখোলা গ্রামের মসজিদের তাঁর জানাজা হয়। এরপর প্রায় দুই কিলোমিটার দূরে উপজেলার বুইকরা গ্রামের সরকারি করস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মোহাম্মদ আলী সরদার স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মদ আলী সরদারের ছোট ছেলে ইমরান সরদার বলেন, পারিবারিক কবরস্থানে হাঁটুপানি। কোনোভাবেই সেখানে দাফনের সুযোগ নেই। এ জন্য প্রায় দুই কিলোমিটার দূরে বুইকরা গ্রামের সরকারি কবরস্থানে তাঁর বাবার মরদেহ দাফন করা হয়েছে।

যশোরের ভবদহ অঞ্চলের পানি ওঠানামা করে মুক্তেশ্বরী, টেকা, হরি ও শ্রী নদী দিয়ে। বাঁধ ও জলকপাটের কারণে পলি পড়ায় নদীগুলো নাব্যতা হারিয়েছে। নদী দিয়ে পানি নিষ্কাশিত না হওয়ায় গত বছরের ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের ভারী বৃষ্টিতে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার অন্তত ১২০টি গ্রাম তলিয়ে যায়।

এরপর গত ৫ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত একটানা মাঝারি বৃষ্টিতে এসব গ্রামের বেশির ভাগ বাড়িঘর, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্লাবিত হয়। দুর্ভোগের শিকার হন প্রায় তিন লাখ মানুষ।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, মোহাম্মদ আলী সরদার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার সমাধানের জন্য আজীবন সংগ্রাম করেছেন। সেই জলাবদ্ধতার জন্য পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহও দাফন করা গেল না। এ চিত্র গোটা ভবদহ অঞ্চলের।