কবরস্থানে লাগানো গাছের আমে ভূমিহীন মাহালীদের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহালী সম্প্রদায়ের আম উৎসব। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর তানোরের মাহালী পাড়ায়
ছবি: প্রথম আলো

ওঁদের বাড়ির ভিটে নেই। ঘরবাড়ি খাসজমিতে। তাই নিজেদের গাছগাছালিও নেই। ৮০ বছর ধরে ৫০টি মাহালী পরিবারের এভাবেই বাস। তবে তাঁদের আছে নির্ধারিত কবরস্থান। সেখানেই কয়েক বছর আগে তাঁরা ২৫টি আমগাছ রোপণ করেছিলেন। সেই গাছে এবার আম পেয়েছেন তাঁরা। সেই আম দিয়ে এবার ৫০টি পরিবারে উৎসব হলো।

রাজশাহীর তানোর উপজেলার মণ্ডুমালা বাজারসংলগ্ন পাঁচন্দর মাহালী পাড়ায় আজ বৃহস্পতিবার হয়েছে এ উৎসব। মাহালীপাড়া বাঁশ ও বেত উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছিল।

মাহালী সম্প্রদায়ের ৫০ পরিবারের আয়ের একমাত্র উৎস বাঁশ ও বেতের কাজ। এটিই তাঁদের মূল পেশা। এর মধ্যে ১০টি পরিবার ক্রিশ্চিয়ান মিশনের জমিতে বসবাস করে। বাকি পরিবারগুলো সরকারি খাসজমিতে বসবাস করে আসছে ৮০ বছরের বেশি সময় ধরে। বাঁশ ও বেতপণ্যের চাহিদা আস্তে আস্তে কমতে থাকায় এই জনগোষ্ঠীর অনেকেই এখন কৃষিশ্রমিক হিসেবে পেশা বদল করছেন।

গ্রামের পাশেই এই সম্প্রদায়ের ১৫ কাঠার একটি কবরস্থান আছে। সেখানে কয়েক বছর আগে ২৫টি আমগাছ রোপণ করেছিলেন গ্রামেরই মাহালীপাড়া বাঁশ ও বেত উন্নয়ন সংগঠনের সদস্যরা। আস্তে আস্তে গাছ বড় হতে থাকে, আমও ধরে। কিন্তু কবরস্থানটি উন্মুক্ত থাকায় প্রতিবারই আম হারিয়ে যায়। গত বছরে সংগঠনটি নিজেদের প্রচেষ্টায় কবরস্থানটি চারদিকে বেড়া দিয়ে দেয়। এবার আর আম হারায়নি। ২৫টি গাছেরই আম পাওয়া গেছে।

সংগঠনের সবাই মিলে সিদ্ধান্ত নেন ৫০টি পরিবারের মধ্যে সমানভাগে আমগুলো বণ্টন করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার গাছ থেকে আম নামিয়ে ৫০টি সমান ভাগে আমগুলো ভাগ করে রাখা হয়। যাঁর যে ভাগ পছন্দ, তিনি সেই ভাগ নিয়ে বাড়ি চলে যান।

মেপে দেখা গেছে, প্রতি ভাগেই আম হয়েছে ৬ কেজি করে। ৫০টি সমান ভাগ করার পরেও কিছু আম বেশি রয়ে যায়। এই আমগুলো পাশের গ্রামের গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।

মাহালীপাড়া বাঁশ ও বেত উন্নয়ন সংগঠনের সভাপতি চিচিলিয়া হেমব্রম বলেন, তাঁরা সবাই মিলে নিজেদের ভাগ্যোন্নয়নের চেষ্টা করছেন। যার ফল পেতে শুরু করেছেন। তিনি বলেন, নিজেদের গাছ লাগানোর মতো মাটি নেই। কবরস্থানের জায়গাটা সবার। তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন আমগাছ লাগালে সবাই মিলে খাওয়া যাবে। এককভাবে কেউ এর মালিক হবেন না, মিলিতভাবে সবাই মালিক হবেন। সবাই আম খেতে পারবেন। সেই স্বপ্ন এবার সত্যি হলো। গত ৮০ বছরে মাহালী সম্প্রদায়ের লোকেরা এমন আনন্দ পাননি।