কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ফাঁকা ২০০ আসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে নির্ধারিত আসন পূর্ণ করে ভর্তি কার্যক্রম শেষ করা হলেও কিছু শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে চলে গেছেন। এ সংখ্যা প্রায় ২০০। এখন ২০০ আসন ফাঁকা রেখেই চলবে শিক্ষা কার্যক্রম।

সম্প্রতি এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এর পর থেকে ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা ফাঁকা আসনে তাঁদের ভর্তি নেওয়ার দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের ২৩টি বিভাগে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য মোট ১ হাজার ৯০টি আসনের বিপরীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার পর দুবার মেধাতালিকা ও কোটায় ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে প্রশাসন। গত ৬ ফেব্রুয়ারি ভর্তির কোটা পূরণ হয়। এরপর কিছু শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে চলে যান। যে কারণে প্রায় ২০০ আসন খালি হয়েছে।

কর্মকর্তারা আরও বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি। বর্তমানে পাঠদান কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে। যে কারণে ফাঁকা আসনগুলোতে আর নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে না।

ভর্তি–ইচ্ছুক কিছু শিক্ষার্থীর অভিযোগ, আসন ফাঁকা হলে সব বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সুযোগ দেওয়া হয়। অনেক শিক্ষার্থী এ সুযোগের অপেক্ষায় থাকেন। কিন্তু কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সুযোগটি দেওয়া হচ্ছে না। এতে ভর্তি–ইচ্ছুক অনেক শিক্ষার্থী বঞ্চিত হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ক্লাস শুরুর পর অনেক বিষয়ের মিডটার্ম পরীক্ষার সময় প্রায় চলে এসেছে। প্রায় ২০০ আসন খালি হলেও এ অবস্থায় নতুন করে ভর্তির আর কোনো সুযোগ নেই। প্রতিবছরই ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর চলে যাওয়া শিক্ষার্থীদের ফাঁকা আসনে নতুন করে কাউকে ভর্তি করা হয় না।