কবি হালিম আজাদকে বাসস থেকে বরখাস্ত ও গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাংলা) উপপ্রধান বার্তা সম্পাদক কবি হালিম আজাদকে চাকরি থেকে বরখাস্ত ও গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার সমাবেশ করেছে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের অনুগত ব্যক্তিরা।
গতকাল বেলা ১১টায় চাষাঢ়ার শহীদ মিনার প্রাঙ্গণে ‘নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ী, শ্রমিক, পেশাজীবী ও রাজনীতিক নেত-কার্মীসহ সর্বস্তরের জনগণের সমাবেশ’ ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নারায়ণগঞ্জ-৫ আসনের জাপা (এ) দলীয় সাংসদ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সেলিম ওসমান হালিম আজাদকে বক্তব্য প্রত্যাহার করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, ‘এই সময়ের মধ্যে আপনি যদি সরকারের কাছে ক্ষমা প্রার্থনা না করেন, তা হলে আপনার বিরুদ্ধে শত শত মামলা করা হবে। আমাদেরকে অপমান করছেন, সঙ্গে প্রধানমন্ত্রীকেও জড়াচ্ছেন, আপনার জিব কেটে ফেলবে নারায়ণগঞ্জের মানুষ। যারা টক শোতে গিয়ে ওসমান পরিবারের বিরুদ্ধে অপপ্রচার করে, তারা নারায়ণগঞ্জের শত্রু।’
সেলিম ওসমান বলেন, ‘আমি হালিম আজাদকে বলেছিলাম, আপনি আসুন, আমার সঙ্গে বসুন, আমরা একসঙ্গে কাজ করি। কিন্তু আপনি আমার কথা রাখলেন না। আজকে আমার ওপর চাপ আছে ৭২ ঘণ্টার হরতাল ডাকার।’
বিকেএমইএর সাবেক সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিকেএমইএর সিনিয়র সহসভাপতি এ এইচ আসলাম সানি, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক কমিটির সভাপতি কাউসার আহম্মেদ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম।
সেলিম ওসমান ছাড়া অন্য বক্তারা হালিম আজাদের নাম উল্লেখ করে কটূক্তি করেননি।
হালিম আজাদের নিন্দা ও প্রতিবাদ: আনীত অভিযোগ প্রসঙ্গে হালিম আজাদ বলেন, ‘শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য এ কর্মসূচি পালন করা হয়েছে।
মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করে কিছুসংখ্যক ব্যবসায়ী ও একশ্রেণির শ্রমিককে নিয়ে যে কর্মসূচি পালন করেছে, আমি তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেদিন ত্বকী মঞ্চের সমাবেশে ত্বকী হত্যাকারী খুনিদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর সহায়তা চাওয়া হয়েছে। এর বাইরে প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কটূক্তি বা সমালোচনা করা হয়নি। তাই বক্তব্য প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না।’
এদিকে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিষয় থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল হিসেবে প্রধানমন্ত্রীকে ওসমান পরিবার ঢাল হিসেবে নিয়েছে বলে অভিযোগ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল বিকেলে ত্বকী মঞ্চের আহ্বায়ক ত্বকীর বাবা রফিউর রাব্বি ও সংগঠনের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।