কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ঝালকাঠিতে কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ঝালকাঠি শহরের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ছাত্রের নাম আবদুল্লাহ আল আবিদ (১৫)। সে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ সচিব হেমায়েত হোসেনের ছেলে আবিদ।
আবিদের বড় ভাই আবদুল্লাহ আল আরাফাত বলেন, তাঁর ছোট ভাই শখ করে বাড়ির ছাদে কবুতর পুষত। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে একটি কবুতর ধরতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় আবিদ। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সময় আবিদের বাবা হেমায়েত হোসেন ইউনিয়ন পরিষদের সচিবদের একটি অনুষ্ঠানে কুয়াকাটায় অবস্থান করছিলেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে রাত আড়াইটার দিকে তিনি ঝালকাঠিতে ফেরেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, আবিদের লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে আছে। স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।