কম দাম চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতাকে দোকানে টানতে পাশের দোকানির কম দাম চাওয়াকে কেন্দ্র করে দুই দোকানির কথা-কাটাকাটি হয়। এর জেরে কিছুক্ষণ পর এক পক্ষের হামলায় এক কিশোর ফল ব্যবসায়ী নিহত হয়। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফল ব্যবসায়ীর নাম তারেক হোসেন (১৭)। সে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকার আবদুস সোবহান মিয়ার ছেলে।

আবদুস সোবহান ও প্রত্যক্ষদর্শী অন্তত দুজন জানান, সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা মোড়ে মাওলানা মো. বোরহানের মার্কেটের সামনের ফুটপাতে স্থানীয় ব্যক্তিরা ফল বিক্রিসহ বিভিন্ন ব্যবসা করেন। সেখানে নিহত তারেকের ফলের দোকান রয়েছে। পাশে মামা খোরশেদ আলম ও খাঁটিহাতা গ্রামের আলী আকবরের ছেলে জাকির হোসেনসহ (১৮) আরও অনেকের ফলের দোকান রয়েছে।

আজ বিকেলে ফল কিনতে তারেকের দোকানে যান একজন ক্রেতা। সে সময় তারেক ও পাশের দোকানি জাকির নিজ নিজ দোকানে আসতে ওই ক্রেতাকে ডাকেন। ওই ক্রেতা তারেকের দোকানে গিয়ে ফলের দরদাম করেন। তারেক যে দাম চায়, জাকির ওই ক্রেতার কাছে এর চেয়ে ১০ টাকা কম দাম চান। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পাশের দোকানিরা বিষয়টি মীমাংসা করে দেন।

এর কিছুক্ষণ পর তারেকের বাবা আবদুস সোবহান দোকানে এলে বিষয়টি নিয়ে আবার কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর জাকির নিজের গ্রামের লোকজন নিয়ে তারেকের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। প্রতিপক্ষের হামলায় তারেকের মামা খোরশেদ আলম (৪৫) আহত হন। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক বলেন, তারেকের পিঠের ডান পাশে মাঝামাঝি অংশে ছুরির গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও ফুসফুসে আঘাত লাগতে পারে।


ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, এক ফল ব্যবসায়ীর ছুরিকাঘাতে আরেক ফল ব্যবসায়ী নিহত হয়েছে বলে শুনেছি। বিষয়টি জানতে পেরে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।