কম দামে বিক্রি হচ্ছে গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় গোখাদ্যের সংকটে অনেকেই কম দামে গরু বিক্রি করছেন
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বন্যার কারণে গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। গোখাদ্যের অভাবে অনেক কৃষকই তাঁদের গবাদি প্রাণী কম দামে বিক্রি করছেন। গত বৃহস্পতিবার উপজেলার সদর বাজারের গরুর হাটে এই চিত্র দেখা দিয়েছে।

উপজেলা প্রশাসন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১০টি ইউনিয়ন রয়েছে। গত ১৬ জুন বন্যার পানি লোকালয়ে ঢুকে পড়ে। বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় ১৭ জুন সকালে বন্যার্ত মানুষজন গবাদি প্রাণী নিয়ে আশপাশের উঁচু বাড়ি ও পাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নেন। বন্যায় জমিয়ে রাখা গোখাদ্য (খড়) ও অনেকের বসতঘরের ভেতরে থাকা ধান, চাল ও বিভিন্ন মালামাল পানিতে ভেসে যায়। কয়েক দিন ধরে বন্যার পানি কমতে শুরু করলেও দুই দিন ধরে ভারী বৃষ্টিপাত হওয়ায় তা আবার বাড়ছে।

এ উপজেলায় বন্যার্ত মানুষের জন্য সরকারিভাবে ১০০ টন চাল, ২ হাজার ৯০০ প্যাকেট শুকনা খাবারও ১৫ লাখ ৮০ হাজার টাকা ইতিমধ্যে বরাদ্দ পাওয়া গেছে। যা বিতরণ চলমান রয়েছে।

বন্যার্ত ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক জানান, মানুষের জন্য সরকার ত্রাণসামগ্রী দিলেও এখন পর্যন্ত তাঁরা গোখাদ্য বাবদ কোনো রকম সহায়তা পাননি। গোখাদ্যের তীব্র সংকট দেখা দেওয়ায় তাঁদের অনেককেই নিরুপায় হয়ে হাটে গরু, ছাগল এনে কম দামে বিক্রি করছেন।

গত বৃহস্পতিবার সদর বাজার ঘুরে দেখা গেছে, উপজেলার ধর্মপাশা বাজারে প্রতি বৃহস্পতিবার গরুর বাজার বসে। ওই বাজারের নির্দিষ্ট স্থানে গবাদি প্রাণী রাখার স্থান সংকুলান না হওয়ায় ধর্মপাশা থানার সামনের সড়ক থেকে শুরু করে উপজেলার মধ্যবাজার হয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সড়ক পর্যন্ত এবং ধর্মপাশা সোনালী ব্যাংকের সামনের মোড় থেকে উপজেলা প্রেসক্লাবের সামনের সড়ক পর্যন্ত মানুষজনসহ গবাদি প্রাণীর ভিড় জমে যায়।

উপজেলার ধর্মপাশা বাজারে গরু বিক্রি করতে নিয়ে আসা উপজেলার মাইজবাড়ী গ্রামের কৃষক আলী আজগর বলেন, ‘বন্যায় গরুর খাওনসহ সব ভাইসা গেছে। বসতঘরডারও বারোডা বাজাইয়ালছে। গত ১৫ দিন আগে যেই গরু দাম ৫৫ হাজার অইছিল। হেই গরু আউজগা বাজার ৪০ হাজার দাম অইছে। গরুর খাওন নাই তাই গরুডা বেইচ্ছালাইছি।’

ইউএনও মো. মুনতাসির হাসান বলেন, গোখাদ্যের জন্য সরকারি কিছু অর্থ বরাদ্দ পাওয়া গেছে। তা দিয়ে গোখাদ্য ক্রয় করে তা কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।