কমলগঞ্জে টিকার সংকট, প্রতিদিন ফিরে যাচ্ছেন মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার টিকা
ফাইল ছবি: রয়টার্স

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন মানুষ। চীনা সিনোফার্মের টিকার সংকটের কারণে শনিবার থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ চালু আছে।

সিনোফার্মের টিকার স্বল্পতায় প্রথম ডোজ নিয়ে খুদেবার্তা পেয়েও দ্বিতীয় ডোজ নিতে পারছেন না মানুষ। বৃহস্পতিবার পর্যন্ত কমলগঞ্জ উপজেলায় সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকা মিলিয়ে প্রায় ২৫ হাজার টিকা গ্রহণ করেন মানুষ।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এই স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৭ এপ্রিল থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। সে সময় করোনার টিকা গ্রহণে মানুষজনের মধ্যে আগ্রহ কম থাকলেও জুলাই মাস থেকে করোনার টিকা গ্রহণ করছেন মানুষ। তবে ২৮ জুলাই থেকে টিকার সংকট শুরু হলে ২ আগস্ট থেকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়। এ কার্যক্রম চলে ২৬ আগস্ট পর্যন্ত।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, অ্যাস্ট্রাজেনেকার কিছু ডোজ আছে। যাঁরা এখনো অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি, তাঁদের দেওয়া হচ্ছে।

সিনোফার্মের টিকাসংকটের সত্যতা নিশ্চিত করে মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, প্রথম ডোজ গ্রহণকালে আগাম দ্বিতীয় ডোজের বার্তা পেয়েছিলেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন লোকজন। তবে মঙ্গলবার সিনোফার্মের টিকা আসবে। তখন সংকট কেটে যাবে।