কমলগঞ্জে ট্রেনে কাটা পড়লেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার শমশেরনগর রেলস্টেশনের ডাউন আউটার সিগন্যাল-সংলগ্ন মাইলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাফিজ মিয়া (৪২)। তিনি শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের হরুমজ মিয়ার ছেলে।
স্টেশন ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ৩০৮/৮ মাইলেজ এলাকায় আজ সকাল আটটার দিকে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন রাফিজ মিয়া। এরপর এলাকাবাসী বিষয়টি রেলস্টেশন ও শমশেরনগর পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীমঙ্গলের রেলওয়ে থানাকে জানান।
শমশেরনগরের স্টেশনমাস্টার জামাল উদ্দীন বলেন, রেলওয়ে পুলিশ আসার পর লাশটি উদ্ধার করা হবে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাফিজ মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।