কমলগঞ্জে দুই লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় আজ বৃহস্পতিবার দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি ট্রেনে কাটা পড়ে নিহত আর অপরটি গলায় ফাঁস লাগানো ছিল।
নিহত দুজন হলেন রুবেল মিয়া (২২) ও আরসোনা বেগম (৩৫)। ট্রেনে কাটা পড়ে রুবেল মিয়ার মৃত্যু হয়। তিনি কমলগঞ্জ পৌরসভার কুমড়া কাঁপন এলাকার মাহমুদ মিয়ার ছেলে। আর আরসোনা ভানুগাছ বাজার চৌমুহনা এলাকার হালিম মিয়ার স্ত্রী।
ভানুগাছ রেলওয়ে স্টেশনমাস্টার মো. শাহাবউদ্দীন ফকির জানান, গতকাল বুধবার রাতের কোনো একটি ট্রেনে কাটা পড়ে এ যুবকের মৃত্যু হয়। আজ সকাল আটটায় রেলওয়ে স্টেশনের অদূরে রেলপথে এলাকাবাসী ওই যুবকের ছিন্নভিন্ন লাশ দেখে ঘটনাটি জানান।
নিহত যুবকের কয়েকজন স্বজন সন্দেহ করে জানান, রুবেলকে পরিকল্পিতভাবে হত্যা করে হত্যাকারীরা মৃতদেহ রেলপথে রেখে গেছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। রেলওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
অন্যদিকে, আরসোনা বেগমের লাশ নিজ ঘরের চালার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ থানার পুলিশ।
কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।