কমলগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মাইক্রোবাসচালকসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাটে ব্যবসায়ী নেতা নাজমুল হাসানকে (৩৪) কুপিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক মাইক্রোবাসচালক আমির হোসেনকে (৪০) গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর জুয়েল মিয়া (৩৭) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকেলে নিহত ব্যবসায়ী নাজমুলের বড় ভাই শামছু মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় রাসেল, মাসুদ, তফজ্জুল ও তোফায়েলের নাম উল্লেখ করে মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর জুয়েলকে সন্ধ্যার দিকে রাজনগর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার জুয়েল ও আমিরকে মৌলভীবাজার আদালতে পাঠায় পুলিশ।

গত রোববার বেলা দেড়টায় কমলগঞ্জের চৈত্রঘাটে কুপিয়ে আহত করা হয় ব্যবসায়ী নাজমুল হাসানকে। পরে তাঁকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাতটায় তিনি মারা যান।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানিয়েছেন, নাজমুল মারা যাওয়ার আগে ফেসবুক লাইভে আসেন তাঁর এক স্বজন। সেখানে আহত নাজমুল আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয় নিয়ে প্রতিপক্ষ তফজ্জুলের পরিকল্পনায় তাঁর ওপর হামলার কথা উল্লেখ করেন। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো বিষয়ও আছে কি না, পুলিশ সেটিও তদন্ত করে দেখছে।

সোহেল রানা বলেছেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর।