কমলগঞ্জে সেতু ভেঙে দিল চা-বাগান কর্তৃপক্ষ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গোবিন্দপুর-পাত্রখোলা খাসিয়াপুঞ্জির রাস্তায় নির্মিত সরকারি কালভার্ট কাম সেতু ভেঙে দিয়েছে শ্রীগোবিন্দপুর চা-বাগান কর্তৃপক্ষ। এতে ওই পুঞ্জির দেড় শতাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কমলগঞ্জ উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা-বাগানের ভেতর দিয়ে পাত্রখোলা খাসিয়াপুঞ্জিতে আসা-যাওয়ার জন্য নির্মিত কাঁচা রাস্তার পাশে ছড়া আছে। পুঞ্জির মানুষের চলাচল এবং তাঁদের জমিতে উৎপাদিত কৃষিপণ্য জিপে পরিবহনের জন্য গত বছর ১০ ফুট দীর্ঘ কালভার্ট কাম সেতু নির্মাণ করা হয়। কমলগঞ্জ উপজেলা পরিষদের প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। কিন্তু গত রোববার সকাল ১০টায় চা-বাগানের ব্যবস্থাপকের নির্দেশে কয়েকজন শ্রমিক কালভার্টটি ভেঙে গুঁড়িয়ে দেন।

শ্রীগোবিন্দপুর চা-বাগান ব্যবস্থাপক প্রশান্ত রায় সাংবাদিকদের বলেন, ‘রাস্তটি সম্পূর্ণরূপে চা-বাগানের জমির ওপর। এখানে কালভার্ট নির্মাণের আগে সরকারি কোনো মহল অনুমতি নেয়নি বলে চা-বাগানের মালিকের নির্দেশে কালভার্টটি ভাঙা হয়েছে।’

চা-বাগানের মালিক শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া দাবি করেন, তাঁর জমিতে অবৈধ স্থাপনা ছিল। তাই তাঁর লোকজন সেটি ভেঙে দিয়েছেন।

তবে এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক বলেন, চা-বাগানের সব জমির মালিক মূলত সরকার। চা-বাগানের মালিক বন্দোবস্ত নিয়ে সেখানে চা-বাগান করেছেন। জনসাধারণের চলাচলের সুবিধার্থে নির্ধারিত স্থানে সরকারি অর্থায়নে সেতু বা কালভার্ট নির্মিত হয়েছে। চা-বাগান কর্তৃপক্ষ যে কাজটি করেছে, তা সম্পূর্ণরূপে বেআইনি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে।

 উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ বলেন, গতকাল একজন সহকারী প্রকৌশলী সরেজমিন তদন্ত করে কালভার্ট ভেঙে ফেলার সত্যতা পেয়েছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান বলেন, ‘ তদন্তক্রমে াবাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’