কমিটি ছাড়াই পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমিটি ঘোষণা ছাড়াই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ পৌরসভা অডিটোরিয়ামে
ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রয়োজনীয়সংখ্যক কাউন্সিলর না থাকায় কমিটি ঘোষণা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার পীরগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ওবাইদুল্লাহ মাসুদ। বেলা ১১টায় পৌরসভা চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান ও বিশেষ অতিথিরা। দুপুর ১২টায় অডিটরিয়ামে সম্মেলনের প্রথম পর্বে উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার সহসভাপতি ফারুখ হোসেন, ওবাইদুল্লাহ মাসুদ, আবু দাউদ সামছুজ্জোহা, জেলা কোষাধ্যক্ষ সরিফুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, এস এস মজিদুল ইসলাম প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেল পাঁচটায় প্রধান অতিথি মির্জা ফয়সল আমীনের পরিচালনায় কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। কিন্তু প্রয়োজনীয় কাউন্সিলর না থাকায় কমিটি ঘোষণা করা হয়নি। কয়েকজন কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, অনেক কাউন্সিলর দুপুরে খাওয়ার পর অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন।

জেলা বিএনপির সহসভাপতি ওবাইদুল্লাহ মাসুদ মুঠোফোনে বলেন, আজ কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। তবে সম্মেলন বাতিল করা হয়নি। শিগগিরই পীরগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির কাউন্সিলের দিনক্ষণ ঘোষণা করা হবে। সেদিন উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হবে।

পীরগঞ্জ পৌর কমিটির সভাপতি মো. রুহুল আমীন বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করেই কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করেছেন জেলা কমিটি। একই কথা জানান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান।