কমিটি মেয়াদোত্তীর্ণ, নানা অভিযোগ ব্যবসায়ীদের

অভিযোগ উঠেছে, মামলা চলমান থাকার কথা প্রচার করে ক্ষমতা দখলে রেখেছেন সমিতির সভাপতি এরফান আলী।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র

তিন বছর আগে শেষ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ। নির্বাচনে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও উচ্চ আদালতে একটি মামলা চলছিল। সে মামলাও খারিজ হয়ে গেছে ২০২০ সালের ডিসেম্বরে। অভিযোগ উঠেছে, মামলা চলমান থাকার কথা প্রচার করে অবৈধভাবে ক্ষমতা দখলে রেখেছেন সমিতির সভাপতি এরফান আলী।

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন সমিতির সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ। তিনি এ মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ অনুযায়ী প্রশাসক নিয়োগ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন।

আবদুল ওয়াহেদ প্রথম আলোকে বলেন, ২০১৬ সালের ১৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি উল্লেখ করে রাশেদুল ইসলাম নামে সমিতির এক সদস্য বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) কাছে অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনাল নির্বাচন পরিচালনা বোর্ডের ত্রুটি দেখিয়ে নির্বাচন বাতিল করেন (মামলা নম্বর ১৯/২০১৬)। পরে উচ্চ আদালতে রিট আবেদন করেন এরফান আলী। আদালত ট্রাইব্যুনালের আদেশ স্থগিত করেন। এরপর এফবিসিসিআই ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করলে স্থগিতাদেশটিও স্থগিত হয়ে যায়। এরফান আলী এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। ২০২০ সালের ১২ ডিসেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ মামলাটি ত্রুটির কারণে বাতিল করে আদেশ প্রদান করেন।

এরফান আলী একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। তিনি বলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব পালন করবে মর্মে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়নি। আদালতে চলমান মামলা নিষ্পত্তি হওয়ার খবর তিনি জানেন না। কেউ যদি মামলার আদেশের কপি দেখাতে পারেন, তাহলে ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার কোনো ইচ্ছাই তাঁর নেই।

সমিতির একজন নির্বাচিত সদস্য ও পরিচালক আবদুল আওয়াল বলেন, মামলার অজুহাত দেখিয়ে তিনি (এরফান) নির্বাচন দিচ্ছেন না। এ ছাড়া তিনি জেলার একজন বড় শিল্পপতি। তাঁর প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত থাকেন। চেম্বারে সময় দেন না। মাসিক সভা নিয়মিত হয় না। সাধারণ ব্যবসায়ীদের বিপদ-আপদ ও সংকটে তাঁকে পাওয়া যায় না। এতে স্থবির হয়ে পড়েছে চেম্বারের কার্যক্রম।

নাম প্রকাশ না করার শর্তে সমিতির একজন সাবেক নেতা বলেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদের প্রভাব খাটিয়ে এরফান আলী ক্ষমতা ধরে রেখেছেন। মেয়াদ শেষ হলেও নির্বাচন দিচ্ছেন না। সরকারি দলের প্রভাবশালী নেতা হওয়ার কারণে ব্যবসায়ীরা ভয়ে প্রকাশ্যে প্রতিবাদও করেন না।

এসব অভিযোগ প্রসঙ্গে এরফান আলী বলেন, ব্যবসায়ীদের করসহ নানা জটিল সমস্যা সমাধানে তাঁকে প্রায়ই ঢাকা যেতে হয়। ছোটখাটো অন্যান্য সমস্যা সমাধানে চেম্বারের অন্য পরিচালকেরা পদক্ষেপ নেন। সব ব্যাপারেই তাঁকে কেন নাক গলাতে হবে। অন্য নেতাদেরও নিজ নিজ জায়গা থেকে ভূমিকা আছে, যা তাঁদের পালন করা উচিত।