করতোয়ায় বর্জ্য ফেলার ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ
করতোয়া নদীতে সব ধরনের বর্জ্য ফেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া পৌরসভাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জের খুলশীতে করতোয়া নদীর ওপর নির্মিত জলকপাটের পরিবেশগত প্রভাব নির্ণয় করে প্রতিবেদন দাখিলের জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) নির্দেশ দিয়েছেন আদালত।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতের এসব নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি তদারকির জন্য পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে রিট আবেদনটি করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। তিনি বলেন, আদেশের পাশাপাশি আদালত রুল দিয়েছেন। চলতি বর্ষা মৌসুমের মধ্যে বগুড়া ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর ১১৬ কিলোমিটার পানিপ্রবাহ এলাকা ও সীমানা নির্ধারণ করে এবং খুলশী স্লুইসগেট (জলকপাট) ও অন্যান্য অবৈধ দখল উচ্ছেদ করে কেন নদীটির পানির প্রবাহ আগের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছেন। চার সপ্তাহের মধ্যে ২১ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বেলা জানায়, ১৯৮৭ সালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া খুলশী জলকপাট নির্মাণের মাধ্যমে পাউবো খরস্রোতা করতোয়া নদীকে কার্যত মেরে ফেলেছে। বিবাদীদের মধ্যে রয়েছেন পাঁচটি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তর ও পাউবোর মহাপরিচালক, বগুড়া ও গাইবান্ধার জেলা প্রশাসক প্রমুখ।
বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, করতোয়া নদী দখল ও দূষণমুক্ত এবং নদীর পানির প্রবাহ ফিরিয়ে দিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাউবোর জলকপাট অপসারণের ব্যবস্থা নেওয়ার জন্য গত ২৭ জানুয়ারি বেলার পক্ষ থেকে সরকারের পাঁচজন সচিব, বগুড়া ও গাইবান্ধার জেলা প্রশাসকসহ ১৯ জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হলেও তাতে কেউ সাড়া দেননি। তাই হাইকোর্টে রিট আবেদন করা হয়।
করতোয়ার অবৈধ দখলদারের অসমাপ্ত তালিকা এবং চিহ্নিত ২৮ দখলদারকে উচ্ছেদ না করার ব্যাপারে ১১ জুন প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রতিবেদন প্রকাশিত হয়।