করিমগঞ্জে টমটম–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ইঞ্জিনচালিত যান টমটমের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।
গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার শিমুলতলা এলাকায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্কুলশিক্ষকের নাম মালেকা আক্তার (৪১)। তিনি নয়াপাড়া আ. সালাম মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, মালেকা আক্তার অটোরিকশা করে করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। পথে শিমুলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে মালেকা গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।