করোনা আক্রান্ত পালিয়ে যাওয়া তরুণকে খুঁজে পেয়েছে পুলিশ, হাসপাতালে ভর্তি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের তথ্য গোপন করে পালিয়ে যাওয়া তরুণকে পুলিশ খুঁজে বের করেছে। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্ত ওই তরুণের পরিবারসহ আশেপাশের ১২০ পরিবার লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই তরুণকে উপজেলা থেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার।
ইউএনও জানান, ২৪ বছর বয়সী ওই তরুণ আগে থেকেই কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। গত ৪ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই হাসপাতালের চিকিৎসকেরা তাঁর দেহে করোনাভাইরাসের উপসর্গ দেখতে পেলে নমুনা সংগ্রহ করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠান। একই সঙ্গে তাঁকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
তবে ওই তরুণ কুর্মিটোলা হাসপাতালে ভর্তি না হয়ে ঘাটাইল উপজেলায় গ্রামের বাড়ি চলে যান। তিনদিন আগে তিনি জানতে পারেন তাঁর করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ। এরপর তিনি আক্রান্তের বিষয়টি এলাকায় গোপন রাখেন এবং তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ করে দেন। গতকাল আইইডিসিআরের মাধ্যমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওই তরুণের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানতে পারেন। কিন্তু তাঁর কোনো ঠিকানা দেওয়া ছিল না। শুধু একটি মুঠোফোন নম্বর ছিল, যেটি বন্ধ রেখেছিলেন তরুণ।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ওই মুঠোফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় আক্রান্ত তরুণের বাড়ি ও ঠিকানা শনাক্ত করা হয়। পরে তাঁকে গতকাল রাতে পুলিশি হেফাজতে নিয়ে রাতেই বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
ইউএনও অঞ্জন কুমার সরকার জানান, ওই তরুণ করোনাভাইরাস আক্রান্তের তথ্য গোপন করে বিভিন্নস্থানে নানান মানুষের সঙ্গে মেলামেশা করায় প্রাথমিক ভাবে ওই গ্রামের ১২০ টি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই তরুণ আর কোথায় কোথায় গিয়েছিলেন সে বিষয়ে আরও খোঁজ–খবর নেওয়া হচ্ছে।