বরিশাল মেডিকেল
করোনা ইউনিটে পানিসংকট, ভোগান্তিতে রোগী–স্বজনেরা
পুরোনো লাইন দিয়ে করোনা ওয়ার্ডে পানি সরবরাহ করা হয়। প্রায় দিনই পানিসংকট লেগে থাকে এখানে।
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পানিসংকট লেগেই আছে। করোনা ওয়ার্ডের জন্য পৃথক ব্যবস্থা না থাকায় পুরোনো লাইন দিয়ে এই ওয়ার্ডে পানি সরবরাহ করা হয়। এতেই দেখা দিচ্ছে সংকট। গত দুই মাসে একাধিকবার পানির সংকটে ভুগতে হয়েছে রোগী ও স্বজনদের।
গণপূর্ত বলছে, দুটি সাবমার্সিবল পাম্প দিয়ে গোটা হাসপাতাল এলাকা ও মেডিকেল কলেজে যথাযথভাবে পানি সরবরাহ করা যাচ্ছে না। আরেকটি পাম্প বসালে এ সমস্যা থাকবে না। নতুন পাম্প বসাতে দরপত্র আহ্বান করা হয়েছে।
এদিকে করোনা ওয়ার্ডে খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার রাত ১০টার পর থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১৪ ঘণ্টা পানি ছিল না করোনা ওয়ার্ডে। ফলে ওই ওয়ার্ডে ভর্তি থাকা প্রায় ২০০ রোগী ও তাঁদের স্বজনদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। গত ২৬ জুন রাত থেকে পরদিন সকাল ৮টা পর্যন্তও পানি ছিল না করোনা ওয়ার্ডে।
নীহার রঞ্জন বড়াল নামের এক ব্যক্তি জানান, করোনার উপসর্গ থাকায় গত শনিবার রাতে বাবা নরেন্দ্রনাথ বড়ালকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন। ভর্তি হওয়ার পর থেকেই শৌচাগারে পানি ছিল না। রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পানি সরবরাহ না করায় এই ওয়ার্ডের দুই শতাধিক রোগী ও তাঁদের স্বজনদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। শুধু করোনা ওয়ার্ড নয়, মূল হাসপাতালের ইউনিটগুলোতেও প্রায়ই পানিসংকট থাকে।
করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন কয়েকজন রোগীর স্বজন জানান, তাঁরা পানির জন্য ছোটাছুটি করছেন। শনিবার রাত থেকেই পানি নেই। অনেকে আশপাশের পুকুর কিংবা মসজিদ থেকে পানি সংগ্রহ করছেন। মানুষ শৌচাগারেও যেতে পারছে না। খাওয়ার পানি কিনে আনতে হচ্ছে।
অপরদিকে হাসপাতালের মূল ভবনেও পানিসংকট চরম। ভবনের পূর্ব প্রান্তে পানি সরবরাহ হয় ধীরগতিতে। কখনো কখনো পানি থাকেই না। মেডিসিন ওয়ার্ডের এক রোগীর স্বজন বলেন, দুটি নলকূপ পড়ে আছে। নলকূপ দুটির মাথা উধাও।
খোঁজ নিয়ে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ রোগী থাকেন। তাঁদের সঙ্গে স্বজনও আছেন অন্তত দেড় হাজার। এত মানুষের জন্য যে পরিমাণ পানি দরকার, তা সরবরাহ হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ এ জন্য গণপূর্ত বিভাগকে দায়ী করছে।
হাসপাতাল সূত্র জানায়, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে দুটি সাবমার্সিবল পাম্প দিয়ে গোটা হাসপাতাল, করোনা হাসপাতাল, মেডিকেল কলেজ, হোস্টেল, ডক্টরস কোয়ার্টার, কর্মচারী কোয়ার্টারসহ সব স্থাপনায় পানি সরবরাহ করা হয়। এর একটি পাম্প থেকে মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনে এবং অপরটি দিয়ে মেডিকেল কলেজ, ডক্টরস কোয়ার্টার, শিক্ষার্থী হোস্টেল, করোনা হাসপাতালসহ অন্যান্য স্থাপনায় পানি সরবরাহ করা হয়।
হাসপাতালের এসব কাজের তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ জানায়, মূল হাসপাতালে পানিসংকট না থাকলেও করোনা হাসপাতালে সংকট আছে। কারণ, করোনা হাসপাতালের জন্য পৃথকভাবে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়নি। পুরোনো পাম্পের সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে। ফলে কলেজ, হোস্টেল, কোয়ার্টারে যখন পানি সরবরাহ করা হয়, তখন করোনা হাসপাতালের সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া হয়। পাম্পটির ধারণক্ষমতা কম হওয়ায় এটা করা হয়। ফলে করোনা ওয়ার্ডে পানিসংকট থাকে।
হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, শনিবার রাত থেকে করোনা ওয়ার্ডে পানি ছিল না। বারবার গণপূর্ত বিভাগকে এ সংকট নিরসনে তাগিদ দিলেও তারা ব্যবস্থা নিচ্ছে না। মূল ভবনে সাত থেকে আট ঘণ্টা পানি সরবরাহ থাকলেও বাকি সময়টায় সংকট দেখা দেয়। দুই মাস ধরে এ সমস্যা দেখা দিয়েছে। গণপূর্ত দাবি করেছে, পানি কম উঠছে।
এ ব্যাপারে গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী রফিকুল হাসান রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, হাসপাতালের মূল ভবনের পূর্ব ব্লকে পানি সরবরাহ স্বাভাবিকভাবে হচ্ছে না। কারণ, মূল লাইন দিয়ে পূর্ব দিকে পানি সরবরাহ হয় ধীরগতিতে। করোনা ইউনিটের জন্য অস্থায়ীভাবে পানি সরবরাহ করা হচ্ছে। তবে করোনা ইউনিটের ভবনে একটি গভীর নলকূপ বসানো হচ্ছে। এর দরপত্রও হয়ে গেছে। এ নলকূপ স্থাপন হলে মূল ভবনেও এর একটি সাবলাইন দিয়ে সংকট দূর করা হবে।