করোনায় ঈদের জামাত হচ্ছে না সিলেটের ঐতিহ্যবাহী শাহি ঈদগাহে

করোনা পরিস্থিতির কারণে সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে এবারও হবে না ঈদের জামাতছবি: আনিস মাহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা পরিস্থিতির কারণে সিলেটের ঐতিহ্যবাহী শাহি ঈদগাহে এবারও হবে না ঈদের প্রধান জামাত। মোগল স্থাপত্যের নিদর্শন সিলেটের শাহি ঈদগাহে ৩০০ বছরের ঐতিহ্যে আবারও ছেদ পড়ল। এবারের ঈদুল আজহা নিয়ে গত দুই বছরে চারটি ঈদের জামাতের আয়োজন থেকে বিরত রাখা হয়েছে শাহি ঈদগাহকে।

আজ সোমবার সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল রোববার বিকেলে নগর ভবনে শাহি ঈদগাহ পরিচালনা কমিটির সঙ্গে নগর ভবনে জরুরি বৈঠক করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বৈঠক শেষে মেয়র রোববার রাতে শাহি ঈদগাহে ঈদুল আজহার জামাত না হওয়ার ঘোষণা দেন।

সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে বিপর্যস্ত জনজীবন। দেশ তথা সিলেটে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় আয়োজন ঈদুল আজহা পালিত হবে। পরিস্থিতি বিবেচনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবারও সিলেটের ঐতিহ্যবাহী শাহি ঈদগাহসহ নগরের সব ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। তবে সিলেট মহানগরের ছোট–বড় সব মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে একাধিক ঈদের জামাত আয়োজন করা যাবে।

ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ সিলেট নগরীর উত্তর–পূর্ব দিকে। টিলাভূমির ওপর মোগল আমলের স্থাপত্যশৈলীর নানা কারুকার্যখচিত ২২টি সিঁড়ি, ১৫টি গম্বুজ সজ্জিত মূল ঈদগাহ। টিলাভূমির সমতলে বৃক্ষ ছায়ায় বিস্তৃত মাঠটি ঈদগাহ হিসেবে ব্যবহৃত হয়। চারদিকে সীমানাপ্রাচীরে রয়েছে ছোট–বড় ১০টি গেট। স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে, ঈদগাহটি মোগল ফৌজদার ফরহাদ খাঁ নির্মাণ করেছিলেন। তখন মোগল সম্রাট ছিলেন আওরঙ্গজেব। ব্রিটিশবিরোধী আন্দোলন শাহি ঈদগাহ থেকে শুরু হয়েছিল। সেই সময় থেকে সিলেট অঞ্চলের বড় বড় রাজনৈতিক সমাবেশের স্থানও ছিল শাহি ঈদগাহ।

সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, মোগল আমলের নির্মাণশৈলীর পর তিন শতাধিক বছরের মাথায় সংস্কার করা হয় শাহি ঈদগাহ। ২০০১ সালে বড় পরিসরে তিনটি গেটের সংস্কার করা হয়। এরপর ২০০৩ সালে আরেক দফা সংস্কার শেষে ২০১০ সালের ২৯ অক্টোবর ঈদগাহে বিদ্যুতায়ন, সুউচ্চ একটি মিলার নির্মাণ করা হয়। প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে শাহি ঈদগাহে হয় সিলেট অঞ্চলের কেন্দ্রীয় ঈদের জামাত। প্রায় দেড় থেকে দুই লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করে থাকেন। তবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বদলে দিয়েছে তিন শতাধিক বছরের ঐতিহ্য। গত বছরের দুই ঈদেও এখানে ঈদের জামাত হয়নি।

মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, লকডাউনের বিধিনিষেধ ঈদের জন্য শিথিল করা হয়েছে। কিন্তু সিলেটে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। লকডাউন শিথিল করায় এবার শাহি ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে কি না, এ নিয়ে পক্ষে–বিপক্ষে মতামত ছিল। এ বিষয়ে বৈঠক করা হয়। বৈঠকে ঈদের জামাত না করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শাহি ঈদগাহে যেহেতু ঈদের প্রধান জামাত হচ্ছে না, তাই নগরের বিভিন্ন ঈদগাহে ঈদের জামাত না করার পরামর্শ থাকছে। এ ব্যাপারে আজ থেকে নগরে মাইকিং করা হচ্ছে।