করোনা এখনো যায়নি, স্বাস্থ্যবিধি মানতে হবে

আজ দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় দরিদ্র মানুষকে নিজ উদ্যোগে ঈদ উপহার দেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: প্রথম আলো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাস এখনো রয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা কাজ করছি। টিকাদান কার্যক্রম সফলভাবেই হয়েছে। করোনার সংক্রমণের হার এখন অনেক কম আছে। মৃত্যুর সংখ্যাও নেই বললেই চলে। তবে করোনা নিয়ে অবহেলা করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।’

আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে আয়োজিত ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

দেশে এখনো অনেক দরিদ্র মানুষ আছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বিভিন্ন কাজ করে চলেছেন। এই রমজানেও গৃহহীন মানুষকে প্রায় ৩০ হাজার বাড়ি দিয়েছেন। ইতিমধ্যে গৃহহীনদের ছয় লাখ বাড়ি দিয়েছেন। ভবিষ্যতে গৃহহীনদের এই বাড়ি আরও দেবেন। তিনি প্রত্যেকটি মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেবেন। দেশে এখনো অনেক দরিদ্র মানুষ আছেন। সবাইকে তাঁদের পাশে দাঁড়াতে হবে।

ঈদ উপহার নিতে আসা সবাইকে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জসহ সারা দেশে অনেক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, হাসপাতাল মেডিকেল কলেজ হয়েছে। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ নানা সুযোগ-সুবিধা দিয়েছে।

আজ দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার হিসেবে জেলার পাঁচ হাজার দরিদ্র মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী প্রমুখ উপস্থিত ছিলেন।