করোনা ওয়ার্ডে আরেক রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরেক রোগীর মৃত্যু হয়েছে। ২৫ বছর বয়সী এই নারীর জ্বর ও শ্বাসকষ্ট ছিল। তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। বুধবার সন্ধ্যা সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।

বুধবার রাতে হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেনের মুঠোফোনে কল দিয়ে সংযোগ বন্ধ পাওয়া যায়। এরপর হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নার্স মিলিতা সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার দুই ঘণ্টার ব্যবধানে এই হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়। এঁদের একজন করোনা ওয়ার্ডে, অন্যজন হাসপাতালের গাইনি ওয়ার্ডে মারা যান। ওই দুজনেরও নমুনা সংগ্রহ করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৫ বছর বয়সী ওই নারী মারা যান। জ্বর ও শ্বাসকষ্ট থাকায় মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জের এ নারীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর তাঁকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, ১৫ দিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে এই গৃহবধূর সন্তান প্রসব করানো হয়। এর কয়েক দিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে মঙ্গলবার বিকেলে এই হাসপাতালে আনা হয়। করোনার উপসর্গ থাকায় হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যা সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। মারা যাওয়ার পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী তাঁর লাশ হস্তান্তর ও দাফন হবে।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল আটটার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর (৫০) মৃত্যু হয়। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলায়। এর দুই ঘণ্টার ব্যবধানে সকাল ১০টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে মারা যান পটুয়াখালী সদর উপজেলার আরেক প্রসূতি (৩০)। তাঁর শ্বাসকষ্ট ছিল। দুজনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে সোমবার ভোরে বরগুনায় করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধ ও আরেক যুবক মারা যান। এ নিয়ে ৭২ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে বিভাগে পাঁচজনের মৃত্যু হলো।