রামেক হাসপাতাল
করোনা ওয়ার্ডের সব রোগীকেই দিতে হচ্ছে অক্সিজেন সাপোর্ট
চলতি মাসে করোনা ওয়ার্ডে মোট ২৫৫ জন রোগীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে গত তিন সপ্তাহেই মারা গেছে ২৩৬ জন। এর মধ্যে ৪ থেকে ১০ জুন পর্যন্ত ৬৬ জন, ১১ থেকে ১৭ জুন পর্যন্ত ৭৮ জন ও ১৮ থেকে ২৪ জুন পর্যন্ত ৯২ জন রোগী করোনা ওয়ার্ডে মারা গেছেন।
রাজশাহীর পবা উপজেলার বাসিন্দা রাশিদা বেগম (৫০)। পাঁচ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার এসেছিলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। কিন্তু হাসপাতালের ওয়ার্ড ও জরুরি বিভাগে শয্যা খালি নেই। উপায় না দেখে তাঁকে জরুরি বিভাগের মেঝেতে বসিয়েই অক্সিজেন দেওয়া হয়। কিছুক্ষণ অক্সিজেন নেওয়ার পরে তিনি স্বস্তিবোধ করেন।
এরপর তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু পরের দিনদুপুরে আবারও ছটফট শুরু করেন। তখনই তাঁকে হাসপাতালে আনা হয়। তিনি এখন হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে রাশিদার মেয়ের সঙ্গে কথা হয়। তিনি বলেন, এই ওয়ার্ডে অক্সিজেন ছাড়া কোনো রোগী নেই। তাঁর মাকে সিলিন্ডারের অক্সিজেন দেওয়া হয়েছে। একটা সিলিন্ডার তাড়াতাড়িই শেষ হয়ে যাচ্ছে। সিলিন্ডার পাল্টাতে একটু দেরি হলেই রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী ভর্তি ছিলেন ৪০৪ জন। এঁদের সবাইকে দিতে হচ্ছে অক্সিজেন সাপোর্ট। কারও মুখে অক্সিজেনের মাস্ক, কারও নাকে অক্সিজেনের নল। প্রতিদিন এই রোগীদের প্রায় ৮ হাজার লিটার অক্সিজেন লাগছে। এখন রোগীদের নাকে অক্সিজেন সরবরাহ করাটাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অক্সিজেন সরবরাহ আরও নিরবচ্ছিন্ন রাখতে গত বুধবার নতুন আরেকটি অক্সিজেন ‘ভ্যাপোরাইজার’ লাইন লাগানো হয়েছে।
রাজশাহীতে করোনা সংক্রমণের হার ওঠানামা করলেও মৃত্যু থামছে না, বরং ঊর্ধ্বমুখী হচ্ছে। চলতি মাসে করোনা ওয়ার্ডে মোট ২৫৫ জন রোগীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে গত তিন সপ্তাহেই মারা গেছে ২৩৬ জন। এর মধ্যে ৪ থেকে ১০ জুন পর্যন্ত ৬৬ জন, ১১ থেকে ১৭ জুন পর্যন্ত ৭৮ জন ও ১৮ থেকে ২৪ জুন পর্যন্ত ৯২ জন রোগী করোনা ওয়ার্ডে মারা গেছেন। এই মৃত্যুহার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। হাসপাতালে বেড়েছে রোগীর চাপও। প্রতিদিন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে যেসব রোগী আসছেন, তাঁদের অক্সিজেন লেভেল ৯০-এর নিচে নামলেই শুধু ভর্তি নেওয়া হচ্ছে।
বর্তমানে সবচেয়ে বেশি রোগী রয়েছেন হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে ৩২ শয্যার বিপরীতে ৫১ জন রোগী ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের বারান্দায় ১০ জন রোগী রয়েছেন। ভেতরেও মেঝেতে রোগী রয়েছেন। কয়েকজন রোগীর নাকে অক্সিজেনের নল ছিল না। জানতে চাইলে তাঁরা বলেন, অবস্থা একটু ভালো। তাই খাওয়ার জন্য অক্সিজেন নল খুলেছেন।
গত রোববার আবদুল করিম (২৭) নামের একজন রোগীকে ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর অক্সিজেন লেভেল ক্রমেই নিচে নেমে যাচ্ছিল। তাঁর এক স্বজন (চিকিৎসক) জানান, তাঁকে আইসিইউতে নেওয়ার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু বুধবার সকালে আইসিইউর অপেক্ষমাণ তালিকায় তাঁর নাম ছিল ৯০ নম্বরে। কোনো উপায় না দেখে তাঁকে বুধবার সকাল সাড়ে আটটার দিকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন তিনটি ট্রাক হাসপাতালে তরল অক্সিজেন সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে। এই তরল অক্সিজেন ভ্যাপোরাইজার দিয়ে বাষ্পীভূত করা হচ্ছে। তা পাইপের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে চলে যাচ্ছ। ওয়ার্ডের রোগীর শয্যার পাশে অক্সিজেন পোর্ট তৈরি করা হয়েছে। সেখান থেকে রোগীদের অক্সিজেন দেওয়া হচ্ছে। এত দিন একটি ভ্যাপোরাইজারের মাধ্যমে তরল অক্সিজেন বাষ্পীভূত করে পাইপে ঢোকানো হচ্ছিল। কোনো কারণে লাইনে ত্রুটি হলে দু-এক মিনিটের মধ্যে বিপর্যয় ঘটে যেতে পারে। এ জন্য চলমান লাইনটা বন্ধ না করে বাইপাস করে গত বুধবার আরেকটি নতুন ভ্যাপোরাইজার লাগানো হয়েছে। কিন্তু এর বেশি রোগী এলে তা আবার এই অবস্থা দিয়ে মোকাবিলা করা যাবে না।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, হাসপাতালে ১৮৩টি কনসেনট্রেটর রয়েছে। এগুলোর মাধ্যমে সরাসরি হাওয়া থেকে অক্সিজেন পৃথক করে রোগীর নাকে সরবরাহ করা হচ্ছে। আর ৭৫২টি অক্সিজেন সিলিন্ডার ছিল। একটি রোগীর অনেক অক্সিজেন লাগছে। এ জন্য অনেক সিলিন্ডার দরকার হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরও ২০০ সিলিন্ডারের ব্যবস্থা করেছে। এ ছাড়া ২০টি আইসিইউ বেড রয়েছে ও ৬৯টি হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে, যা প্রায় আইসিইউর সমতুল্য। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কর্তৃপক্ষ এগুলো আরও বাড়ানোর চেষ্টা করছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী প্রথম আলোকে বলেন, এখন করোনা ইউনিটের শতভাগ রোগীকে অক্সিজেন দিতে হচ্ছে। অক্সিজেন দেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, তাঁদের অক্সিজেনের জন্য বাড়তি প্রস্তুতি রাখতে হচ্ছে, যাতে রোগী বেশি হলেও ব্যবস্থা করা যায়। এরপরও এত রোগী মারা যাচ্ছে কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘সব বয়স্ক লোক। হাসপাতালে আসতে দেরি করছেন। তখন মৃত্যু ঠেকানো যাচ্ছে না।’