করোনা 'পজেটিভ' শিশু ঢাকা থেকে বাগেরহাটে, ২ বাড়ি লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত এক শিশুকে (১২) ঢাকা থেকে বাগেরহাটে গ্রামের বাড়ি এনেছেন পরিবারের সদস্যরা। এ অবস্থায় বুধবার সকালে স্থানীয় দুটি বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করেছে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ডেমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনি মল্লিক। প্রথম আলোকে তিনি বলেন, সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন ওই শিশুর বাড়িতে আসেন। তাঁরা ওই শিশু ও তার স্বজনদের সঙ্গে কথা বলেছেন। পরিবারটির আর্থিক অবস্থাও ভালো নয়। পরিবারটিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামাগ্রী দেওয়া হয়েছে।

জনপ্রতিনিধি, এলাকাবাসী ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই শিশুর হৃদযন্ত্রে জন্মগত ত্রুটি (টেট্রালজি অব ফেলট) আছে। এ কারনে সে মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ে। নতুন করে সমস্যা দেখা দেওয়ায় ১৭ এপ্রিল পরিবারের সদস্যরা শিশুটিকে ঢাকার জাতীয় হৃদরোগ ও ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

সম্প্রতি হৃদরোগ ইনস্টিটিউটের ৮ চিকিৎসকসহ ৩০ জন করোনায় আক্রান্ত হন। এ অবস্থায় হাসপাতালে থাকা রোগীদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নেয় কতৃর্পক্ষ। ১৯ এপ্রিল ওই শিশুর নমুনা নেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা কাউকে কিছু না বলেই তাকে নিয়ে হাসপাতাল ছাড়েন। ২২ এপ্রিল নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। তাতে দেখা যায়, ওই শিশু করোনায় আক্রান্ত।

হাসপাতালে দেওয়া ওই শিশুর বাবার ফোন নম্বরে ফোন করে কতৃর্পক্ষ। বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ তাঁদের অবস্থান জানতে চাওয়া হয়। কিন্তু পরিবারটি আতঙ্কে কোনো ধরনের সহযোগিতা করছিল না। তাদের সন্তান সুস্থ আছে বলে জানিয়ে দেয়।

এদিকে ওই শিশুকে নিয়ে বাগেরহাট ফেরার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ায় বুধবার সকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন শিশুটির বাড়িতে যান। এ সময় ৬টি ঘরসহ দুটি বাড়ি লকডাউন করা হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, 'পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় বুধবার সকালে তাদের সন্ধান পেয়ে আমরা বাড়িতে যাই। শিশুর শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। সে সুস্থ, স্বাভাবিক রয়েছে। বাড়িতে রেখেই তাকে চিকিৎসা দেওয়া হবে।'

বুধবার পুনরায় ওই শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, এ ছাড়া তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যসহ ১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনার ল্যাবে পাঠানো হচ্ছে। তাদের আশপাশের বাড়িঘর বেশ দূরে দূরে। সেখানে দুটি বাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।