করোনা প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনার ভারতীয় ধরনে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বাড়তে থাকায় সাতক্ষীরা সীমান্তজুড়ে কঠোর নজরদারি শুরু করেছে বিজিবি। কেউ যাতে সাতক্ষীরার কোনো সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত না করতে পারেন, সে জন্য সীমান্তে এই কঠোর নজরদারি চলছে।

বিজিবির পাশাপাশি সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, করোনার ভারতীয় ধরনের সংক্রমণ অস্বাভাবিক হারে বাড়ায় ভারতে স্বাস্থ্যব্যবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে দুই দেশের মানুষের অবৈধ চলাচলের মাধ্যমে করোনাভাইরাসের ভারতীয় ধরন দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার ভোমরা, গাজীপুর, কুশখালী, কালিয়ানী, মাদরা, কাকডাঙ্গা ও তলুইগাছা এলাকাগুলো স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকা দিয়ে অবৈধ চলাচল  প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ইতিমধ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল হিসেবে মোটরসাইকেলে নজরদারি করছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ইতিমধ্যে আটজন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া অবৈধ যাতায়াত বন্ধে শূন্যসহিষ্ণুতা নীতি গ্রহণ করা হয়েছে। জনপ্রতিনিধিদের নিয়ে ইতিমধ্যে সীমান্তের প্রতিটি মসজিদে মাইকিং করে করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে কেউ যাতে অবৈধভাবে সীমান্ত দিয়ে পারাপার না হন, সে বিষয়েও সতর্ক করে মাইকিং করেও হচ্ছে।