করোনা যুদ্ধজয়ী চারজনকে বীরের মতো সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে করোনামুক্ত হয়ে ওঠা যুবককে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা। মঙ্গলবার বিকেলে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায়। ছবি: প্রথম আলো
দিনাজপুরে করোনামুক্ত হয়ে ওঠা যুবককে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা। মঙ্গলবার বিকেলে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায়। ছবি: প্রথম আলো

ঝুড়িতে সাজানো আপেল, কমলা, মাল্টা আর কলা। অন্য একটি ঝুড়িতে রাখা শাকসবজি। ফলের ঝুড়িতে মেডিকেল ছাড়পত্র। অপর ঝুড়িতে চিরকুটে লেখা ‘করোনাযুদ্ধে জয়ী বীরকে অভিনন্দন’। এসব সামগ্রী নিয়ে বাড়ির দরজার সামনে টিপটিপ বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ অন্যান্য কর্মকর্তারা।

মঙ্গলবার বিকেল ৪টার সময় দিনাজপুর সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় মো. সোহাগ এবং একই এলাকার বিক্রম রায়ের বাড়িতে এই দৃশ্য। প্রায় ২০ দিন ধরে করোনাযুদ্ধে লড়াই করে জয় পেয়েছেন তাঁরা। মো. সোহাগ (২৫) ও বিক্রম রায়ের (২৩) পাশাপাশি নবাবগঞ্জের সামিউল ইসলাম(২৪) এবং ফুলবাড়ী উপজেলার মো. এনামুল হকও (৩০) করোনামুক্ত হয়েছেন। তাঁদের বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা একইভাবে অভিনন্দন জানিয়েছেন।
জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, করোনা থেকে সুস্থ হয়ে ওঠায় এই চারজনকে এভাবে অভিনন্দন জানানো হয়েছে। কোনোভাবেই যেন তাঁরা মনোবল হারিয়ে না ফেলেন, সে জন্য উৎসাহ দিতেই এই উদ্যোগ।

গত ১৪এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় এই চারজনের। তারপর থেকে হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) ছিলেন। সেটা শেষ হওয়ার পরে দুবার নমুনা পরীক্ষা করা হয়। দুবারই প্রতিবেদন ‘নেগেটিভ’ আসায় তাঁদের ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পাওয়া ৪জনের মধ্যে নারায়ণগঞ্জ-ফেরত ৩জন। সবাই পোশাক কারাখানায় কর্মরত। অন্যজন সম্প্রতি ফরিদপুর থেকে আসেন। তিনি সেখানে একটি পাটকলে কর্মরত।

ছাড়পত্র পেয়ে মো. সোহাগ বলেন, ‘শরীরে কোনো প্রকার জ্বর-সর্দি-কাশি কিছুই ছিল না। কিন্তু নমুনা পরীক্ষায় যখন করোনা পজিটিভ হয়েছি, তখন থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলেছি।’ সোহাগ বলেন, আপাতত কয়েক দিন বাড়িতে থাকবেন তিনি। সমাজের মানুষ যেন করোনায় আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে আগের ন্যায় আচরণ করেন, সেই আহ্বান জানান তিনি।

জেলা সিভিল সার্জন আবদুল কুদ্দুস বলেন, ছাড়পত্র পাওয়া চারজনের আগের ন্যায় স্বাভাবিক জীবনযাপন করতে কোনো বাঁধা নেই। তারপরও আরও কয়েক দিন তাঁদের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।