করোনা রোধে হবিগঞ্জে রেড ক্রিসেন্টের মাইকিং ও মাস্ক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংক্রমণ রোধে সচেতনতামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে মাইকিং করছে রেড ক্রিসেন্ট
ছবি: সংগৃহীত

কোভিড-১৯–এর সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে জেলাব্যাপী মাইকিং ও বিনা মূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট।

হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ রোধে সচেতনতামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মাইকিং কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শহররে বিভিন্ন পয়েন্টে পথচারী, বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান–সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।

আজ সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান।

আতাউর রহমান বলেন, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের নিজস্ব উদ্যোগে করোনাকালে জেলার অতিদরিদ্র, পথচারী ও নিম্ন আয়ের জনগণের মধ্যে ৪৬ দিনব্যাপী প্রতিদিন ৫০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণসহ টিকাদান কার্যক্রমে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ (মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার) কার্যক্রম চলমান।