করোনা শনাক্ত হওয়ায় ডায়ালাইসিস হয়নি, মারা গেলেন কর কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মিজান
সংগৃহীত

দুটি কিডনিই কার্যকারিতা হারিয়েছিল তাঁর। এ কারণে নিয়মিত ডায়ালাইসিস করাতেন। গত বুধবার ডায়ালাইসিসের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হরা হয়। এর আগে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। এরপর ডায়ালাইসিস না করে তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডায়ালাইসিস করানোর প্রক্রিয়া চলার মধ্যেই তিনি মারা যান।

ওই ব্যক্তির নাম সৈয়দ মিজান (৩৭)। তাঁর বাড়ি সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায়। তিনি সিলেট সিটি করপোরেশেনের কর কর্মকর্তা ছিলেন।

গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সৈয়দ মিজান মারা যান। আজ শুক্রবার বেলা দুইটার দিকে স্বাস্থ্যবিধি মেনে নগরের মানিকপীর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জন্মেজয় দত্ত জানান, সৈয়দ মিজান কিডনি রোগে আক্রান্ত ছিলেন। কিছুদিনের মধ্যে ভারতে গিয়ে কিডনি প্রতিস্থাপনের কথা ছিল তাঁর। সম্প্রতি তিনি ডায়ালাইসিস করানোর জন্য জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত বুধবার তাঁর ডায়ালাইসিস করানোর কথা ছিল। এর আগে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। এরপর ডায়ালাইসিস না করে রাতে তাঁকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। এ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে তাঁর ডায়ালাইসিস করানোর প্রক্রিয়া চলছিল। এর আগেই তিনি মারা যান।