খুলনা বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ১ বছর ২ মাস ১৬ দিন পর রোগীর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২৪১ জনের।
এ নিয়ে বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১১৩ জন। এ সময়ে করোনায় সংক্রমিত হয়ে তিনজন মারা যাওয়ায় মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৬। বিভাগের চুয়াডাঙ্গা জেলায় রোগীর সংখ্যা দুই হাজার ছুঁয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়, গত বছরের ১৯ মার্চ। গত বছরের ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। চলতি বছর ১ জানুয়ারি ২৫ হাজার, ৩০ মে শনাক্ত ৩৪ হাজার ছাড়ায়। আজ ৩ জুন শনাক্ত ৩৫ হাজার ছাড়াল।
গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৯৭ জন সুস্থ হয়েছেন। বিভাগে করোনায় আক্রান্তের পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩১ হাজার ৬২১ জন। সুস্থতার হার ৯০ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ঈদের পরের সময়টাতে প্রতিদিনের শনাক্ত ও মৃত্যু অনেক বেড়েছে। ঈদের পরদিন ১৫ মে থেকে আজ ৩ জুন পর্যন্ত গত ২০ দিনে বিভাগে ২ হাজার ৮৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ৬১ জন মারা গেছেন। এ সময়ে প্রতিদিন গড়ে ১৪৪ জন শনাক্ত হয়েছে। আর ঈদের আগের ২০ দিনে (২৫ এপ্রিল থেকে ১৪ মে) শনাক্ত হয়েছিল ১ হাজার ৭৭২ জন। ওই সময়ে মারা যান ৪৭ জন। ওই সময়ে প্রতিদিনের শনাক্তের গড় ৮৮ জন। আর সপ্তাহখানেক ধরে খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা ও মেহেরপুরে রোগী বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের তিন জেলায় ৫০ জনের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ৪৫ জন। এ ছাড়া বাগেরহাটে ৪ জন, যশোরে ৬০, সাতক্ষীরায় ৫০, মাগুরায় ৭, নড়াইলে ৪, মেহেরপুরে ১১, চুয়াডাঙ্গায় ১, ঝিনাইদহে ৫ ও কুষ্টিয়ায় ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগের জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ ১০ হাজার ৪১৬ রোগী শনাক্ত হয়েছে খুলনা জেলায়। এ ছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬৯ জন, চুয়াডাঙ্গায় ২ হাজার, যশোরে ৭ হাজার ১৩৬, ঝিনাইদহে ২ হাজার ৯২৬, কুষ্টিয়ায় ৫ হাজার ৬২, মাগুরায় ১ হাজার ২৬৬, মেহেরপুরে ১ হাজার ৩৮, নড়াইলে ১ হাজার ৮৯০ এবং সাতক্ষীরায় ১ হাজার ৭১০ জন করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে।
খুলনার ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন সুহাস রঞ্জন হালদার জানান, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালে ৮৮ করোনা রোগী চিকিৎসাধীন। এর বাইরে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ২৩ জন এবং ভারত থেকে আসা চারজন ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন। এর মধ্যে সাতজন আইসিইউতে এবং চারজন এইচডিইউতে রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ৬২ জনের তেমন উপসর্গ নেই এবং ৪৭ জনের মাঝারি ধরনের উপসর্গ রয়েছে। সব মিলিয়ে হাসপাতালে ১১৫ জন রোগী ভর্তি ছিলেন। ১ জুন সকালে হাসপাতালে ৯৯ জন আর ২ জুন ১০৯ জন ভর্তি ছিলেন।
সুহাস রঞ্জন হালদার বলেন, পাঁচ থেকে ছয় দিন ধরে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। ১০০ শয্যার জনবল নিয়ে এর বেশি রোগীকে সেবা দেওয়াটা কষ্টসাধ্য।
গত ২৪ ঘণ্টায় খুলনা, বাগেরহাট ও ঝিনাইদহে ১ জন করে করোনা রোগী মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৭৭ জন, কুষ্টিয়ায় ১১৬, যশোরে ৮১, চুয়াডাঙ্গায় ৬২, ঝিনাইদহে ৫৬, সাতক্ষীরায় ৪৭, বাগেরহাটে ৪৪, নড়াইলে ২৭, মাগুরায় ২৩ এবং মেহেরপুরে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৮৭ শতাংশ।