করোনাকালে অনন্য দুই স্বেচ্ছাসেবী

কাজের ধরনটা ব্যতিক্রম। নতুন করোনা সংক্রমিত ব্যক্তিদের ঠিকানা খুঁজে বের করেন। বাড়িতে কোয়ারেন্টিন নিশ্চিত করেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচারণা চালাচ্ছেন পাভেল ও মাসুদ। সম্প্রতি পটুয়াখালীর দশমিনা উপজেলার ছয়ঘরিয়ায়
ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবী হিসেবে পটুয়াখালীর দশমিনায় চেনামুখ পাভেল মাহমুদ রায়হান। দুর্যোগকালে মানুষের জানমাল রক্ষায় অবদান রেখে জাতীয় পুরস্কার পেয়েছেন। সেই পাভেল এখন বৈশ্বিক মহামারি করোনা-দুর্যোগ মোকাবিলার লড়াইয়ে। কাজের ধরনটাও ব্যতিক্রম—করোনা আক্রান্ত ব্যক্তির ঠিকানা খুঁজে বের করে কোয়ারেন্টিন নিশ্চিত করা। সঙ্গে চিকিৎসাসেবাসহ অন্যান্য সহায়তা ও সচেতনতার কাজ তো আছেই। মোটরসাইকেলে করে নিরন্তর চষে বেড়াচ্ছেন প্রত্যন্ত এলাকা। এসব কাজে পাভেল পাশে পাচ্ছেন সিপিপির আরেক স্বেচ্ছাসেবীকে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন বলেন, করোনাকালে সিপিপির দুই স্বেচ্ছাসেবক দিনরাত বিনা স্বার্থে কাজ করে যাচ্ছেন। এঁদের তৎপরতায় দশমিনা করোনামুক্ত হবে বলে তিনি আশাবাদী।

পাভেল মাহমুদ (৪৫) দশমিনার চরহোসনাবাদ এলাকার বাসিন্দা। দীর্ঘ ১৭ বছর ধরে সিপিপির স্বেচ্ছাসেবক। এই কাজের জন্য ২০১৮ সালে পান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘জাতীয় স্বেচ্ছাসেবক সম্মাননা’ পুরস্কার। বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করেও খ্যাতি কুড়িয়েছেন পাভেল। তাঁর অপর সহযোগীর নাম মাসুদ রানা। তিনি সিপিপির স্বেচ্ছাসেবক আট বছর ধরে। মাসুদ রানাও চরহোসনাবাদ গ্রামের বাসিন্দা।

পাভেল ও মাসুদের দিনের কাজ শুরু হয় সকাল নয়টায়। প্রতিদিন এই সময়টায় তাঁদের পাওয়া যাবে দশমিনা সিপিপি কার্যালয়ে। কিছুক্ষণ পরেই ছুটবেন স্বাস্থ্য কমপ্লেক্সে। নেবেন নতুন করোনা আক্রান্ত ব্যক্তিদের তালিকা। এরপর মোটরসাইকেল নিয়ে ছুটবেন তাঁদের ঠিকানায়। পাশাপাশি চলবে পুরোনো রোগীদের খোঁজখবরসহ অন্যান্য কাজ। নিত্যদিনের এই কাজের সময়সূচি জেনে গত ৩১ জুলাই সকালে সিপিপি কার্যালয়ে হাজির হন এই প্রতিবেদক। সারা দিন দুই স্বেচ্ছাসেবকের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

উপজেলা সদরের ডাকবাংলো সড়কের বাসিন্দা জাহানারা (৫০)। ২৮ জুলাই তাঁর করোনা শনাক্ত হয়। বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। জাহানারার নাতি রেদোয়ানও (১৫) করোনায় সংক্রমিত। প্রথম দিন থেকে তাঁদের খোঁজখবর রাখছেন পাভেল। এদিনও ব্যতিক্রম হলো না।

উপজেলার দশমিনা গ্রামের জয়ন্ত কুমার মণ্ডল (৫৮) ও ইরা রানী মণ্ডল (৫০) সরকারি দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২৪ জুলাই করোনা শনাক্তের পর থেকে এই দম্পতি বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। পাভেলের ডাক শুনে দুজনেই ঘর থেকে বেরিয়ে এলেন। ঘরের সামনে বসে সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন।

জয়ন্ত মণ্ডল বললেন, কঠিন একটা সময়। মানুষ মানুষের কাছে আসে না। অথচ সেই প্রথম দিন থেকে পাভেল তাঁদের খোঁজখবর নিচ্ছেন। তিনি এভাবে সাহস জোগাবেন, তাঁরা ভাবতেও পারেননি।

এরপর স্বেচ্ছাসেবকেরা যান ছয়ঘরিয়া গ্রামে আসমার (২৭) বাড়িতে। ১৪ জুলাই করোনা শনাক্ত হয় এই গৃহবধূর। ৩১ জুলাই করোনামুক্ত হন। আসমার ঘরের পাশেই বসবাস আমেনা বেগমের। তিনি জানালেন, স্বেচ্ছাসেবীরা শুরু থেকেই আশপাশের বাসিন্দাদের সচেতন করেন। তাঁদের কথায় সবাই মাস্ক ব্যবহার, সাবান দিয়ে বারবার হাত ধোয়াসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলেন। তাই আশপাশের আর কেউই করোনায় সংক্রমিত হননি।

পাভেল ও মাসুদ আরও যেসব কাজ করেন, সেগুলোর মধ্যে রয়েছে প্রয়োজনে রোগীদের খাদ্যসহায়তার ব্যবস্থা, হাসপাতালে ভর্তি এবং জনবহুল স্থানে হ্যান্ডমাইকে প্রচারণা। তবে রোগীদের কোয়ারেন্টিন নিশ্চিত করাটাই সবচেয়ে বড় কাজ। এটা করতে গিয়ে কম কটুকথা শুনতে হয়নি।

পাভেল বলেন, করোনার প্রথম ঢেউ দশমিনায় তেমন লাগেনি, তবে দ্বিতীয় ঢেউ সবাই টের পাচ্ছে। তিনি ঘরে বসে থাকতে পারেননি। ১৪ জুন থেকে মাঠে নামেন। রোগী খুঁজে বের করে কোয়ারেন্টিন নিশ্চিত করতে অনেক বিড়ম্বনায় পড়েছেন। অনেক রোগী ও স্বজন করোনার বিষয়টি গোপন রাখতে চান। নমুনা দেওয়ার সময় ভুল ঠিকানা ও ফোন নম্বর দেন। ফলে তাঁদের পাওয়া যায় না। বিকল্প পন্থায় তিনি আসল ঠিকানা খুঁজে পাওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত রোগীকে পেলেও বিপত্তি। গালাগাল করেন রোগী বা তাঁর স্বজনেরা। বুঝিয়ে তাঁদের কোয়ারেন্টিনে রাখতে অনেক কাঠখড় পোড়াতে হয়। পাভেল জানান, ভুল ঠিকানা ও ফোন নম্বরের কারণে এ পর্যন্ত তিনি ১০-১২ জনের সন্ধান পাননি।

তবে ৩১ জুলাই পরিস্থিতি সহায় ছিল। এদিন উপজেলায় নতুন ১০ জনের করোনা শনাক্ত হয়। সবার বাড়ি খুঁজে পান স্বেচ্ছাসেবকেরা। কোয়ারেন্টিনের নিয়মগুলো বুঝিয়ে দিয়ে বাড়িতে ফেরেন তাঁরা।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে এই কাজ করছেন পাভেল ও মাসুদ। হাসপাতালে ভর্তি করোনা রোগীদেরও খোঁজখবর নেন। তাঁদের মতো সাহসী ও নিবেদিতপ্রাণ মানুষ এখন বড় দরকার।