করোনাকালেও ‘বিরামহীন’ চিকিৎসক মুসা কবির
গত বছরের জুলাইয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত মানুষের ভিড় বাড়তে থাকে। সে সময় টানা তিন মাস রোগীদের সেবা দিয়েছেন। নিজের দুই সন্তানও এ রোগে আক্রান্ত হয়েছিল। তারপরও থেমে থাকেননি। এবার করোনা মহামারির শুরু থেকেও তিনি একইভাবে সেবা দিয়ে যাচ্ছেন। গত পাঁচ মাসে তাঁর বিরামহীন সেবার কারণে জেলায় কোভিড–আক্রান্ত রোগীদের ভরসার জায়গা হয়ে উঠেছেন তিনি।
এই চিকিৎসকের নাম এ এস এম মুসা কবির। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ। তাঁর সম্পর্কে হাসপাতালের তত্ত্বাবধায়ক নুরুন্নাহার বেগম বলেন, ‘চিকিৎসক মুসা কবিরকে হাসপাতালের কোনো নির্দিষ্ট রোস্টারে রাখা হয়নি। কেননা তাঁকে সব সময়ই আমার হাসপাতালে প্রয়োজন। এই পাঁচ মাসে তাঁকে প্রতিদিনই রাখা হয়েছে। তাঁকে কখনোই কোয়ারেন্টিনে রাখা হয়নি। সৃষ্টিকর্তার অশেষ রহমতে তিনি রোগীদের বিরামহীনভাবে সেবা দিয়ে যাচ্ছেন।’
হাসপাতাল সূত্র জানায়, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৪০ শয্যার আইসোলেশন ওয়ার্ডের দায়িত্ব মুসা কবিরের ওপর। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আসা ও কোভিড–১৯–এ আক্রান্ত রোগীদের দুটি পৃথক ওয়ার্ডে রাখা হয়। মেডিসিন বিশেষজ্ঞ হওয়ায় হাসপাতালে থাকা এসব রোগী তাঁর পরামর্শই বেশি নেন। কুষ্টিয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ও জ্বর–সর্দির মতো উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসায় মুসা কবিরই ভরসা। শুধু জেলা শহরই নয়, বাকি ছয়টি উপজেলা থেকেও তাঁর কাছে সরাসরি এবং মোবাইল ফোনে সেবা নিয়ে থাকেন কোভিড রোগীরা। শুধু চিকিৎসাই নয়; করোনাকালে বিভিন্নভাবে তিনি অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের মানসিক শক্তি জোগাতে তিনি কাউন্সেলিং করেন। মধ্যরাতেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে করোনা রোগী ও উপসর্গ নিয়ে থাকা রোগীদের টেলিমেডিসিন সেবা দিয়ে থাকেন। জেলার অন্য হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও তিনি দিয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, করোনা ইউনিট স্থাপনের নির্দেশ আসার পর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকারের সঙ্গে করোনা বিষয়ে যৌথভাবে কাজ শুরু করেন। হাসপাতালের সামনে আরপিটিআই হোস্টেলে করোনা ওয়ার্ড স্থাপন করা হয়। সেখানে হাসপাতালের মতো সবকিছু প্রস্তুত করা হয়। ২২ এপ্রিল প্রথম সেখানে একজন কোভিড রোগী ভর্তি হন। এরপর ধীরে ধীরে সেখানে রোগী বাড়তে থাকে। একপর্যায়ে সেখানে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন রোগী ভর্তি থাকেন। প্রথম থেকে হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও নার্স কোভিড রোগীদের সেবা দিতে ভয় পেয়েছিলেন। তাঁদের সাহস জুগিয়েছেন মুসা কবির। সেখানে রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি গভীর রাতে কোনো রোগীর অবস্থা খারাপ হলে তিনি ছুটে গেছেন। আবার নবীন চিকিৎসকেরা তাঁর পরামর্শ নিয়ে রোগীদের চিকিৎসা দিতেন। জুলাই মাসের শুরুর দিকে হাসপাতালে কোভিড রোগীদের সংখ্যা বাড়তে থাকে। সে সময় এই চিকিৎসকের বৃদ্ধ বাবা-মা তাঁকে নির্দিষ্টভাবে কোয়ারেন্টিনে (১৪ দিন) থাকার কথা বলেছিলেন। কিন্তু রোগীদের কথা ভেবে তিনি থাকতে পারেননি।
করোনায় আক্রান্ত হয়েছিলাম। গভীর রাতেও মুসা কবিরের পরামর্শ পেয়েছি। তাঁর মতো অমায়িক চিকিৎসক পাওয়া এই সময়ে কঠিন। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দেন।আসাদুল হক, ব্যবসায়ী, কুষ্টিয়া
কুষ্টিয়া শহরের ব্যবসায়ী আসাদুল হক বলেন, ‘করোনায় আক্রান্ত হয়েছিলাম। গভীর রাতেও মুসা কবিরের পরামর্শ পেয়েছি। তাঁর মতো অমায়িক চিকিৎসক পাওয়া এই সময়ে কঠিন। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দেন।’ সারা দিন হাসপাতালে সেবা দেওয়ার পর মুসা কবির বিকেলের পর শহরের ব্যক্তিগত চেম্বারে যান। সেখানে বিভিন্ন ধরনের রোগী দেখেন। করোনাকালে শহরে অনেক চিকিৎসক ব্যক্তিগত চেম্বার বন্ধ করে দিলেও মুসা কবির সেটা করেননি। নিয়মিত রোগী দেখছেন। তাঁর চেম্বারে প্রতিদিনই ১০ থেকে ১২ জন করোনা উপসর্গ নিয়ে আসেন। তাঁদের সবাইকে ব্যবস্থাপত্র করে দেন।
করোনায় আক্রান্ত জেলার বাইরের এক উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মুসা কবিরের ব্যবস্থাপত্র নিয়ে বর্তমানে তিনি সুস্থতার দিকে। ২০০৬ সাল থেকে মুসা কবির কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে কর্মরত আছেন। তাঁর স্ত্রী নাসরিন আক্তারও পেশায় একজন চিকিৎসক। মুসা কবির বলেন, জেলায় করোনা এখনো তেমন ভালো পর্যায়ে আসেনি। প্রতিদিনই রোগী বাড়ছে। বিনা কারণে কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
কুষ্টিয়া সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক মুসা কবিরকে পাঠিয়ে চিকিৎসক ও নার্সদের বৈঠক করানো হয়েছিল। উপজেলা পর্যায়ে কোনো রোগীর অবস্থা অবনতি হলে মুসা কবিরের পরামর্শ নেওয়া হয়।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে অত্যন্ত গুরুত্বসহকারে চিকিৎসক মুসা কবির স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং রোগীদের সেবা দিতে যেভাবে নিরলস কাজ করছেন, তা প্রশংসনীয়।