করোনাভাইরাস নিয়ন্ত্রণে আমেরিকার থেকে এগিয়ে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভার্চ্যুয়ালি ঢাকা থেকে যুক্ত হয়ে বুধবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন
ছবি: প্রথম আলো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমেরিকা বহুদিক থেকে বাংলাদেশের থেকে এগিয়ে। তবে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আমেরিকার থেকে এগিয়ে বাংলাদেশ। এটি আমাদের জন্য গর্বের বিষয়।’

বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে আয়োজিত শহর খাল সংস্কারকাজের প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি ঢাকা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। মানিকগঞ্জ পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে যুদ্ধবিগ্রহের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রার (ফরেন কারেন্সি) অভাব দেখা দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বব্যাংককে বলেছি, সরকারি কিছু টাকা আমাদের আটকে আছে। এই টাকা ছেড়ে দেন, আমরা তো ভালো কাজ করেছি। আমাদের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে পরের দিনই সাড়ে ৩০০ বিলিয়ন ডলার বাংলাদেশ সরকারের কাছে ছেড়ে দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রকল্পের (সিআরডিপি) আওতায় মানিকগঞ্জ শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া খাল খনন ও সৌন্দর্যবর্ধন করা হবে। এ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৭ কোটি ৯৮ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এপেক্স এন্টারপ্রাইজ ও কামরুল ব্রাদার্স যৌথভাবে খাল খনন ও সৌন্দর্যবর্ধনের কাজ করবে।