করোনার উপসর্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর পর গ্রামজুড়ে আতঙ্ক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নে হাসান ফাতেমাপুর গ্রামে করোনার উপসর্গে চার ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। করোনা উপসর্গ থাকার পরও পরীক্ষা করে চিকিৎসা না নেওয়ায় অসচেতনতায় তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আতঙ্কিত গ্রামবাসীকে গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাকেন্দ্রে টিকার নিবন্ধন করতে ভিড় করতে দেখা গেছে।
মঙ্গলবার দুপুরে হাসান ফাতেমাপুর গ্রামে গিয়ে এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ইদানীং গ্রামে জ্বর, সর্দি–কাশিসহ করোনার উপসর্গের প্রকোপ দেখা দিয়েছে। কেউ কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা পরীক্ষা করালেও অধিকাংশ লোক নমুনা পরীক্ষা না করে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে চিকিৎসা নিচ্ছেন। মারা যাওয়া ছামির আলী ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম দম্পতির করোনার উপসর্গ থাকলেও তাঁরা করোনার পরীক্ষা করেননি। গত সোমবার করোনার উপসর্গে স্বামীর মৃত্যুর চার ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু হওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গ্রামের বাসিন্দা সমাজকর্মী বাদশা মিয়া বলেন, ছামিরের পরিবারটি গ্রামের একটি ধনাঢ্য পরিবার হলেও করোনা নিয়ে তাঁদের মধ্যে সচেতনতার অভাব ছিল। স্বাস্থ্যবিধি মেনে না চলার পাশাপাশি তাঁরা করোনার উপসর্গের বিষয়টি গুরুত্ব দেননি। গ্রামের আরেক বাসিন্দা জামাল উদ্দিন বলেন, হাসান ফাতেমাপুর গ্রামে দেড় শতাধিক পরিবারের বসবাস। অধিকাংশ পরিবারে জ্বর, সর্দি–কাশিসহ করোনার উপসর্গ থাকলেও নমুনা পরীক্ষায় তাঁদের অনীহা। এখন গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া গ্রামের অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।
হাসান ফাতেমাপুর গ্রামের জহুর মিয়া বলেন, ‘আমার পরিবারের সবাই টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে গত মঙ্গলবার নিবন্ধন করে এসেছি।’
হাসান ফাতেমাপুর গ্রামে কথা হয় মীরপুর ইউনিয়নের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী জীবন বণিকের সঙ্গে। তিনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশনা মোতাবেক ওই বাড়িতে গিয়ে পরিবারের সবার সঙ্গে কথা বলে তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছি। ওই পরিবারের সবার নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছি।
এ ছাড়া পুরো গ্রামে আমরা স্বাস্থ্য বার্তা পৌঁছে দিয়ে টিকার নিবন্ধন করে সবাইকে টিকা নিতে উৎসাহিত করায় অনেকেই আগ্রহী হয়েছেন।’ ছামির আলী ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম দম্পতির ছেলে রাকিব উদ্দিন বলেন, ‘আমরা পরিবারের সবাই হালকা জ্বরে ভুগলে এটাকে সাধারণ জ্বর হিসেবে মনে করে ওষুধ সেবন করেছি। ২৬ জুলাই হালকা জ্বর নিয়েই আমার বাবা টিকা নিয়েছিলেন। এভাবে তাঁদের মৃত্যু হবে ভাবতে পারিনি। আমরা পরিবারের সবাই নমুনা পরীক্ষা করব।’
মীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খলিল মিয়া বলেন, করোনায় কিছুদিন আগে এই ইউনিয়নে মা-ছেলের মৃত্যু হয়। ১ আগস্ট করোনায় মারা যান রাশিদ আলী নামের এক যুবক। গত সোমবার স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তাঁদের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে।
মীরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক বলেন, ‘মীরপুর ইউনিয়নে করোনায় প্রকোপে আমরা আতঙ্কিত। ইউপির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা চলছে।’ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর বলেন, ‘মীরপুর ইউনিয়নে আমাদের স্বাস্থ্য বিভাগের তৎপরতা রয়েছে। ওই এলাকার অনেকে টিকা নিতে গত মঙ্গলবার নিবন্ধন করছেন। সবাইকে টিকার আওতায় আনতে কাজ চলছে।’