করোনার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ারা বেগম (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম শাজাহানপুর উপজেলার মাথাইলচাপর গ্রামের ইজামউদ্দীনের স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনাভাইরাসের টিকা নিয়ে বাড়িতে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তবে বাসটি আটক করেছে কুন্দারহাট হাইওয়ে থানা-পুলিশ।

পুলিশ জানায়, পাবনা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস সকাল ১০টার দিকে বীরগ্রাম বাজার অতিক্রম করছিল। এ সময় আনোয়ারা বেগম মহাসড়ক পার হচ্ছিলেন। বাসটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, করোনার টিকা নিয়ে বাড়িতে ফেরার পথে বাসচাপায় নিহত হন আনোয়ারা বেগম। দুপুরে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।