করোনার টিকা পাচ্ছেন না কুমিল্লা ইপিজেডের ২৮ হাজার শ্রমিক
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ৪৫টি দেশি-বিদেশি কারখানার সেসব শ্রমিকের বয়স ২৫ বছরের নিচে এবং জাতীয় পরিচয়পত্র নেই এমন অন্তত ২৮ হাজার শ্রমিক করোনার টিকা পাচ্ছেন না। ৩৮ হাজার শ্রমিকের মধ্যে করোনার টিকা পাচ্ছেন ১০ হাজার শ্রমিক। এর মধ্যে বুধবার ১১টি কারখানার ৩ হাজার ৫০৫ জন শ্রমিক করোনার টিকা নিয়েছেন।
বৃহস্পতিবার ২৫টি কারখানার ৩ হাজার ৩৮৭ জন শ্রমিকের টিকা পাওয়ার কথা আছে। গত মঙ্গলবার উদ্বোধনী দিনে নয়টি কারখানার ৩ হাজার ১০৮ জনকে টিকা দেওয়া হয়েছে।
টিকাদান কর্মসূচির আয়োজকেরা জানিয়েছেন, কুমিল্লা ইপিজেড ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে গত মঙ্গলবার থেকে কুমিল্লা ইপিজেডে শুরু হয়েছে তিন দিনব্যাপী করোনা টিকাদান কার্যক্রম। এদিন সকাল ১০টায় বিদেশি মালিকানাধীন কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেড প্রাঙ্গণে টিকাদান কার্যক্রম শুরু হয়।
কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন চিকিৎসক মীর মোবারক হোসাইন, বিশেষ অতিথি ছিলেন জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মো. শাহাদাত্ হোসেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের সমন্বয়ক চিকিৎসক হাসান মাহমুদ ইকবাল, সিভিল সার্জন কার্যালয়ের চিকিত্সক সৌমেন রায়, কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেডের জ্যেষ্ঠ পরিচালক আবদুল মাজেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা ইপিজেডের পরিচালক (লেভার ও আইআর) আশিক মো. শাহাদাত্ হোসেন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘কুমিল্লার বেশির ভাগ মানুষ বিভিন্ন টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিচ্ছেন। আমরা রপ্তানি যোদ্ধাদের জন্য নিজেরাই টিকা নিয়ে হাজির হয়েছি। এখানে ২৫ বছরের ওপরের শ্রমিক সবাই পর্যায়ক্রমে টিকা পাবেন।’
কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, টিকার কারণে বিদেশিরা বিনিয়োগে আরও আকৃষ্ট হবেন। সরকারনির্ধারিত শর্ত পূরণ করেই টিকা দেওয়া হচ্ছে। ইপিজেডের শ্রমিকদের টিকার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।