করোনার টিকা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে হবে: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিএম কাদের
ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘বিশ্বের বেশির ভাগ দেশে শতকরা ৭০ থেকে ৮০ ভাগ মানুষ টিকার আওতায় এসেছে। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ায় টিকা প্রদানের ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি। আমাদের দেশে এ পর্যন্ত মাত্র ২ থেকে ৩ ভাগ মানুষ টিকার আওতায় এসেছে। এ ছাড়া টিকা প্রদানে চরম বিশৃঙ্খলা লক্ষ করা গেছে। করোনা সংক্রমণ রোধে মানুষ টিকা নিতে কেন্দ্রে এসে সংক্রমিত হচ্ছে। এ পরিস্থিতিতে টিকা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে হবে।’

আজ বুধবার দুপুরে রংপুর নগরের পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

করোনা নিয়ন্ত্রণে লকডাউন দেওয়ার সমালোচনা করে জি এম কাদের বলেছেন, ‘সরকার লকডাউন দিয়ে করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আমরা করোনায় ক্ষতিগ্রস্ত দুই কোটি মানুষকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। এ জন্য প্রতি মাসে সরকারের প্রয়োজন ছিল ২০ হাজার কোটি টাকা। এক মাস এ অর্থসহায়তা দিলে দেশে করোনা নিয়ন্ত্রণে চলে আসত। যে দেশে মানুষের পেটে খাবার নেই, যারা ওষুধের অভাবে মারা যায়, সেসব মানুষকে ঘরের ভেতরে আটকে রাখা সম্ভব নয়। তাই সরকারকে মানুষের জীবন-জীবিকার বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’

জিম এম কাদের আরও বলেন, জীবন না থাকলে রাজনীতি ও উন্নয়নের কোনো অর্থ থাকে না। আমরা সংসদে, গণমাধ্যমে বলেছি প্রান্তিক পর্যায়ে করোনা রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বাড়াতে হবে। সরকার ইতিমধ্যে প্রান্তিক পর্যায়ে কিছু কার্যক্রম বাস্তবায়ন করেছে তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।’

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের কবর জিয়ারতের সময় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান, সাংসদ আহসান আদেলুর রহমান, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল-মামুন, মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ বুধবার সকালে ছয় দিনের সফরে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। পরে সৈয়দপুর থেকে রংপুরের পল্লী নিবাসে আসেন জি এম কাদের। সেখানে তিনি প্রয়াত রাষ্ট্রপতির কবর জিয়ারত করে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন। চার দিন থাকার পর লালমনিরহাট থেকে শনিবার রংপুরে এসে দুই দিন থাকবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়।