করোনার টিকা ফি নিবন্ধন করার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসী কর্মীরা শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু দিনভর চেষ্টা করেও তাঁরা কারিগরি ক্রটির কারণে বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে বিএমইটিতে টিকার জন্য নির্ধারিত ফি পাঠাতে পারেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রবাসী কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ওয়েবসাইটে বা মুঠোফোনে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রমের অংশ হিসেবে নির্ধারিত ২০০ টাকা ফি জমা দিতে হবে। এই টাকা বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে বিএমইটিতে পাঠাতে হবে। টাকা জমা দেওয়ার পর প্রবাসী কর্মীদের বিএমইটির অধীন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় ও কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, প্রবাসী কর্মীদের দুই দফা নিবন্ধন কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে। প্রথমে বিএমইটি এবং পরে স্বাস্থ্য অধিদপ্তরের সুরক্ষা ডটকম ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর তাঁদের মুঠোফোনে টিকা দেওয়ার খুদে বার্তা যাবে। এই খুদে বার্তা নিয়ে টিকা নিতে প্রবাসী কর্মীদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কেন্দ্রে যেতে হবে। ২ জুলাই থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।
বিএমইটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শহীদুল আলম এনডিসি স্বাক্ষরিত এক চিঠি সূত্রে জানা গেছে, ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন করা যাবে। প্রবাসীদের নিবন্ধনে সহায়তা করতে শুক্রবার থেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দেশের ৪২টি জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, ৯টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মাদারীপুর, মেহেরপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট) এবং নারায়গঞ্জ বিএমইটি নিবন্ধন কার্যক্রমের জন্য সীমিত পরিসরে খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়।
দুপুরে সরেজমিন ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের ভেতর ও বাইরে প্রবাসী কর্মীদের ভিড় চোখে পড়ে। টিটিসির ভেতরে সীমানাপ্রাচীর–সংলগ্ন নিবন্ধনের কক্ষ। সেখানে প্রবাসী কর্মীদের নিবন্ধনের জন্য টিটিসির আটজন আটটি কম্পিউটার নিয়ে বসে আছেন। কিন্তু প্রবাসী কর্মীরা বিএমইটির ফি জমা দিতে পারছেন না বলে তাঁরা নিবন্ধনের কার্যক্রমও করতে পারছেন না।
বেলা সাড়ে তিনটার দিকে টিটিসির ইন্সট্রাক্টর জিয়াউর রহমান ও মো. রাকিব হাসানকে ঘেরাও করেন প্রবাসী কর্মীরা। তাঁরা টিকার জন্য নিবন্ধনের প্রক্রিয়া ও নির্ধারিত ফি জমা দিয়ে কেন্দ্রে আসার কথা বারবার বোঝানোর চেষ্টা করেন। তাঁরা সদর উপজেলার প্রবাসী কর্মীদের শুক্রবার, বাঞ্ছারামপুরের শনিবার, নবীনগরের রোববার, আশুগঞ্জ ও কসবার আগামী সোমবার, বিজয়নগরের জন্য মঙ্গলবার, আখাউড়ার জন্য বুধবার এবং সরাইল ও নাসিরনগর উপজেলার প্রবাসী কর্মীদের আগামী বৃহস্পতিবার টিটিসিতে আসতে বলেন।
শুক্রবার সকাল থেকে বিকেলে পাঁচটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে প্রবাসী কর্মীরা টিকার নিবন্ধনের জন্য জড়ো হন। কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত অবস্থান করেও তাঁরা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে বিন্ধনের নির্ধারিত ফি ২০০ টাকা বিএমইটিতে জমা দিতে পারেননি।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিন মাসের ছুটিতে দেশে আসেন সদর উপজেলার শিলাউর গ্রামের সাইদুল ইসলাম। বেলা তিনটার দিকে তিনি বলেন, ‘টিকার নিবন্ধনের জন্য সকাল ১০টায় এসেছি। পথে পথে পুলিশের বাধার সম্মুখীন হয়েছি। কিন্তু অ্যাপসের মাধ্যমে টাকা জমা দিতে পারছি না।’
গত বছরের ১৭ ডিসেম্বর সৌদিআরব থেকে ছয় মাসের ছুটিতে দেশে ফেরেন নবীনগর উপজেলার বিটঘর গ্রামের নাজমুল হক। তিনি বলেন, ‘ছুটি শেষ হয়ে যাওয়ায় আরও দুই মাস বাড়িয়েছি। পথে পথে সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট ও পুলিশের নানা কথা শুনে সকাল সাড়ে ৯টায় টিটিসিতে হাজির হয়েছি। সরকার কি অ্যাপ করল যে টাকাই জমা দিতে পারছি না।’
গত ২২ জানুয়ারি দুবাই থেকে ছয় মাসের ছুটিতে দেশে আসা বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের জুয়েল মিয়া বেলা ১১টায় টিটিসির সামনে হাজির হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্তও বিকাশের মাধ্যমে বিএমইটিতে টাকা পাঠাতে পারেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রবাসী কর্মীদের যুক্তরাষ্ট্রের ফাইজার এবং চীনের সিনোফার্মের দুই টিকাই দেওয়া হবে। এ ক্ষেত্রে সৌদি আরব-কুয়েতসহ যেসব দেশে সিনোফার্মের টিকা নিয়ে জটিলতা রয়েছে, শুধু তাঁদেরকেই ফাইজারের টিকা দেওয়া হবে। আর অন্য সব প্রবাসীকে সিনোফার্মের টিকা দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, অ্যাপ বা লিঙ্কের ত্রুটির কারণে নিবন্ধন করতে হয়তো সময় লাগছে। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে।