করোনার তৃতীয় ঢেউয়ে বরিশালে রেকর্ড শনাক্তের হার
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩২১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় বিভাগে ৭৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যাতে শনাক্ত ৪১ শতাংশ। তবে গত এক দিনে বিভাগে সংক্রমণ শনাক্ত হওয়া কারও মৃত্যু হয়নি। আজ বুধবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ শুরুর পর থেকে বরিশাল বিভাগে এটিই সর্বোচ্চ শনাক্তের হার। ছয়টি জেলা নিয়ে গঠিত এ বিভাগের মধ্যে শনাক্তের হার সবচেয়ে বেশি পিরোজপুরে, ৬৪ দশমিক ৯৫। এরপর দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হার বরগুনা জেলায়, ৪৮ দশমিক ৮৪।
বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল জেলায়, ১২৯ জন। এ ছাড়া পটুয়াখালীতে ৪২, ভোলায় ৩৬, পিরোজপুরে ৬৩, বরগুনায় ২১ ও ঝালকাঠিতে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১ জানুয়ারি বিভাগে মাত্র দুজন করোনা রোগী শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩ দশমিক ৭৭। ১০ জানুয়ারি পর্যন্ত তা ১ থেকে ৯ জনের মধ্যে ওঠানামা করে। এর পর থেকে তা দ্রুত বাড়তে থাকে। আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তা একলাফে ৩২১ হয়। এর আগের ২৪ ঘণ্টায় তা ছিল ২৫৭ জন। চলতি মাসের ২৬ দিনে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩১ জনের।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, এবার ভাইরাসটি মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। তবে অধিকাংশেরই উপসর্গ মৃদু। এ কারণে এবার মানুষ হাসপাতালমুখী হচ্ছে কম, এমনকি চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও রোগী কম। তবে ভাইরাসটি দ্রুতবেগে ছড়ালেও মানুষের মধ্যে উদাসীনতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।