করোনার প্রাদুর্ভাবের মধ্যে ডায়রিয়ার প্রকোপ, একজনের মৃত্যু

বরগুনার বেতাগী উপজেলায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। শুধু মঙ্গলবার ডায়রিয়ায় আক্রান্ত ২১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে হঠাৎ ডায়রিয়ার প্রকোপের কারণে বিপাকে পড়েছেন চিকিৎসকেরা।
জানতে চাইলে বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তেন মং বলেন, ঋতু পরিবর্তনের ফলে কয়েক দিন ধরে লোকজন ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন। খাবার স্যালাইনের সংকট না থাকলেও হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট ছিল। তবে বিকল্প উপায়ে সংকট সমাধান করা হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ায় রোগীর সেবা কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে মোট ৮২ ডায়রিয়া রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ভর্তি আছেন ২৮ জন। প্রতিদিনই ১৫-২০ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। অধিকাংশই নারী ও শিশু।
২৬ এপ্রিল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান এক নারী। তিনি বেতাগী সদর ইউনিয়নের ছোট কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি ২৫ এপ্রিল ডায়রিয়ায় আক্রান্ত হন। পাশের কমিউনিটি ক্লিনিক থেকে খাবার স্যালাইন এনে খাওয়ানো হয়। গভীর রাতে ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হয়। কিন্তু গাড়ি না পাওয়ায় তাঁকে হাসপাতালে নিতে পারেননি স্বজনেরা। ফলে বিনা চিকিৎসায় বাড়িতেই মারা যান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবীন্দ্রনাথ সরকার বলেন, করোনা পরিস্থিতির কারণে চিকিৎসকদের এখন ব্যস্ত সময় যাচ্ছে। এর মধ্যে শুরু হয়েছে ডায়রিয়ার প্রকোপ। এ অবস্থায় দুজন চিকিৎসক ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব আহসান প্রথম আলোকে বলেন, 'হঠাৎ ডায়রিয়ার প্রকোপের বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উপজেলায় একজন রোগী মারা যাওয়ার কথা শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।'