ভারত-সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়তির দিকে। এ অবস্থায় করোনার ভারতীয় ধরন ঠেকানো ও নমুনা পরীক্ষা বাড়ানোর ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ মঙ্গলবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি বিষয়ে দুপুর ১২টায় এ সভা শুরু হয়। ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এ সভা। সভায় যুক্ত ছিলেন কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ছয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ও গণমাধ্যমকর্মীরা।
কোনো রোগীই উপজেলায় থাকতে চাইছেন না। জেনারেল হাসপাতালে চলে আসছেন। কারণ, এখানে অক্সিজেন সাপোর্ট বেশি। কিন্তু বেডের খুবই সমস্যা। বেডের সংখ্যা এক শতে উন্নীত করা জরুরি।এইচ এম আনোয়ারুল ইসলাম, কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন, কুষ্টিয়া
সভার শুরুতেই সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম বলেন, ‘কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি খারাপ বলব না। তবে একটু বাড়তির দিকে। এ রকম পরিস্থিতি আগেও দুবার হয়েছিল। ঈদের কেনাকাটায় ভিড় দেখে আতঙ্কিত ছিলাম। ইদানীং করোনা পজিটিভ ব্যক্তির সংখ্যা বাড়ছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৩৮ করোনা রোগী ভর্তি। কোনো রোগীই উপজেলায় থাকতে চাইছেন না। জেনারেল হাসপাতালে চলে আসছেন। কারণ, এখানে অক্সিজেন সাপোর্ট বেশি। কিন্তু বেডের খুবই সমস্যা। বেডের সংখ্যা এক শতে উন্নীত করা জরুরি।’ তিনি আরও বলেন, কুষ্টিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ভারতফেরত তিনজন করোনা পজিটিভ হয়েছেন। তাঁদের মধ্যে দুজন ইতিমধ্যে নেগেটিভ হয়েছেন। অপরজন এখনো পজিটিভ। তিনি ঢাকায় চিকিৎসাধীন। সীমান্তে কঠোর তদারকির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, ইতিমধ্যে করোনার ভারতীয় ধরন দেশে ছড়িয়ে পড়েছে। তাই অবহেলা না করে কার্যকর লকডাউন দিতে হবে।
সভার শেষের দিকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি নমুনা পরীক্ষার হার বাড়ানোর ওপর জোর দেন। বিশেষ করে আগামী চার-পাঁচ দিন পরীক্ষার পরিমাণ বাড়াতে হবে বলে মনে করছেন তিনি।
জেলা প্রশাসক বলেন, বেশি বেশি পরীক্ষার মাধ্যমে করোনা সংক্রমণের হার সম্পর্কে ধারণা পেতে হবে। যেসব এলাকায় শনাক্ত বেশি দেখা যাবে, সেসব এলাকার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। সবার মাস্ক পরিধান নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়াসহ জনসাধারণকে সচেতন করতে সব ধরনের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের কথা বলেন সাইদুল ইসলাম।
কুষ্টিয়ায় এ পর্যন্ত ৪ হাজার ৯৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ৪ দিনে করোনা পজিটিভ হয়েছেন ১০২ জন। করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১১৩ জন। গত তিন দিনে তিনজন মারা গেছেন।