করোনা নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই হতে যাচ্ছে সিলেট-৩ আসনের উপনির্বাচন। নির্বাচন ঘিরে প্রচারণা এখন তুঙ্গে। প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। দিনভর একাধিক পথসভায় বক্তৃতার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিজয় নিশ্চিত করতে তাঁরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন গ্রামের পর গ্রাম। আজ সোমবার মধ্যরাতে প্রচারণা শেষ হবে। ভোট হবে আগামী বুধবার।
মাঠে প্রার্থী আছেন চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি-কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব)। একাধিক ভোটার জানিয়েছেন, নির্বাচনী মাঠে প্রচারণায় জুনায়েদকে খুব একটা দেখা যায়নি। তবে উপনির্বাচনে হাবিবুর, শফি ও আতিকুরের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
এদিকে উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের সময় করোনায় আক্রান্ত সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন (৫৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বেলা পৌনে তিনটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। বর্তমান রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনী এলাকার রাজনীতি সচেতন স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, সিলেট নগরের উপকণ্ঠে অবস্থিত তিন উপজেলা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে সিলেট-৩ আসন গঠিত। নগরের উপকণ্ঠে এ আসন অবস্থিত হওয়ায় নগরসহ পুরো জেলার বাসিন্দাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই উপনির্বাচন। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের বিপরীতে এখানে অভিজ্ঞ রাজনীতিবিদ শফি আহমদ চৌধুরী এবং আতিকুর রহমান প্রার্থী হওয়ায় লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
গতকাল রোববার প্রার্থীরা নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে জনসংযোগ করেছেন। পাশাপাশি একাধিক পথসভায়ও অংশ নিয়েছেন। হাবিবুর রহমান দিনভর বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। একই উপজেলায় বিকেলে গণসংযোগে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। পরে তাঁরা রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে একটি জনসভায় বক্তৃতা করেন।
গণসংযোগকালে হাবিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে মনোনয়ন দিয়েছেন। আমি জানি, এখানকার মানুষ আমাকে সেই মূল্যায়ন করবেন। দীর্ঘদিন ধরেই আমি তৃণমূলের মানুষের সঙ্গে মিলেমিশে রাজনীতি করছি। আমার রাজনীতি হচ্ছে মানুষ ও এলাকার উন্নয়ন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিতে হবে।’
শফি আহমদ চৌধুরীও গতকাল বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর, পৈলনপুর, পশ্চিম গৌরীপুর ও দেওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। এ সময় তিনি বলেন, ‘সাংসদ থাকাকালে আমি নির্বাচনী এলাকার জন্য প্রচুর উন্নয়ন করেছি। রাস্তাঘাট-কালভার্টসহ অবকাঠামোগত নানা উন্নয়ন হয়েছে আমার সময়ে। এবার নির্বাচিত হলে একই ধারাবাহিকতা বজায় থাকবে। দলমত–নির্বিশেষে সবার জন্যই আমার দরজা সব সময় খোলা থাকবে।’
গতকাল আতিকুর রহমান দক্ষিণ সুরমার বরইকান্দি, মোল্লারগাঁওসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে নেন। বেলা দুইটার দিকে তিনি দক্ষিণ সুরমায় অবস্থিত তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আতিকুর অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন। লোকজনের ভোটে নিরুৎসাহিত করছেন। এ ছাড়া পুলিশ জাতীয় পার্টির নেতা-কর্মীদের অযথা ধরপাকড় করছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে।
সংবাদ সম্মেলন শেষে আতিকুরের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আলতাবুর রহমান প্রথম আলোকে জানান, গত শুক্রবার থেকে গত শনিবার রাত পর্যন্ত পুলিশ দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন স্থান থেকে জাতীয় পার্টির পাঁচজন নেতা-কর্মীকে আটক করেছে। তবে আটক ব্যক্তিদের নাম তাঁর স্মরণে নেই।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টির প্রার্থী কিংবা তাঁর পক্ষ থেকে কোনো অভিযোগ তিনি পাননি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব প্রার্থীর ক্ষেত্রে সমান সুযোগ তৈরি করে নির্বাচনের আয়োজন সম্পন্ন হয়েছে।
গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। কেন্দ্র ১৪৯টি।