করোনা রোগীর বাড়ি লকডাউন করে ফিরে জানলেন নিজেও আক্রান্ত

উপজেলায় এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ খবর পেয়ে শশব্যস্ত হয়ে ছুটে যান উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা। আক্রান্ত ওই ব্যাংক কর্মকর্তার বাড়ি লকডাউনসহ (অবরুদ্ধ) অন্যান্য ব্যবস্থা নিয়ে ফেরেন নিজের কর্মস্থলে। তখনই ওই কর্মকর্তা জানতে পারেন, তিনি নিজেও করোনা 'পজিটিভ' ।
ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জে। আক্রান্ত ওই ব্যক্তি (৩৪) উপজেলা প্রশাসনের শীষর্স্থানীয় কর্মকর্তা। তিনি বতর্মানে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ ।
উপজেলা প্রশাসনের আক্রান্ত ওই কর্মকর্তা বলেন, ‘আমার করোনার কোনো উপসর্গ নেই। কিন্তু সার্বক্ষণিক আমাকে করোনা নিয়ে মাঠে কাজ করতে হচ্ছে। এ কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৭ এপ্রিল আমারা নমুনা নেওয়া হয়। বুধবার দুপুরে পরীক্ষার প্রতিবেদন করোনা 'পজিটিভ' এসেছে। তবে এতে আমি একটুও ভীত নই।’
ওই কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের খবরটি দুপুরে তাঁরা পান। আক্রান্ত ব্যক্তি (৩৮) ঢাকায় একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে পরিবার থাকে হাজীগঞ্জ বাজারের একটি বাড়িতে। ১৮ এপ্রিল তিনি ঢাকা থেকে হাজীগঞ্জে পরিবারের কাছে আসেন। এর মধ্যে চট্টগ্রামে তাঁর শ্বশুর মারা যান। তিনি চট্টগ্রামে গিয়েছিলেন। উপসর্গ না থাকলেও সেখান থেকে ফেরার পর তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বুধবার আসা প্রতিবেদনে তাঁর করোনা 'পজিটিভ' আসে।
উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, খবর পেয়ে তিনি দুপুরেই হাজীগঞ্জ বাজারে গিয়ে ওই ব্যাংক কর্মকর্তার বাড়িটি লকডাউন করেন। ভবনের ভেতরে থাকা একই ব্যাংকের হাজীগঞ্জ শাখাটিও লকডাউন করা হয়েছে। তিনি বলেন, তিনি তখনও জানতেন না, নিজের শরীরেও করোনার সংক্রমণ ঘটেছে। বিষয়টি জানার পর থেকে জেলা প্রশাসনের নির্দেশে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন।