করোনার সংক্রমণ বাড়লেও আইসিইউর সরঞ্জাম বাক্সবন্দী দেড় মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ সদর জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা স্থাপনের জন্য পাঠানো সরঞ্জাম হাসপাতালের নতুন ভবনের একটি কক্ষে পড়ে আছে। মঙ্গলবার দুপুরে তোলা ছবি
প্রথম আলো

করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই দেশের সীমান্তবর্তী জেলা নওগাঁয় সংক্রমণ, রোগী শনাক্ত ও মৃত্যু বাড়ছে। এরই মধ্যে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে দুটি আইসিইউ’র সরঞ্জাম পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু দেড় মাসেও ইউনিট দুটি চালু করা যায়নি, বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে। জেলার কোনো হাসপাতালে আইসিইউ না থাকায় তীব্র শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীদের পাঠাতে হয় পাশের রাজশাহী, নয়তো বগুড়া জেলায়।

হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য দুটি শয্যাসহ কিছু সরঞ্জাম নওগাঁয় এসেছে। কিন্তু মনিটর ও ভেন্টিলেটর এখনো পৌঁছায়নি। সব সরঞ্জাম এলে আইসিইউ দুটি চালু করা যাবে।

২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ সদর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল এই হাসপাতালে স্থাপনের জন্য দুটি আইসিইউ পাঠানো হয়। কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) তত্ত্বাবধানে স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ইউনিট দুটি স্থাপনের কথা। কিন্তু ইউনিট দুটি আজও স্থাপন করা হয়নি।

এ প্রসঙ্গে নওগাঁর সিভিল সার্জন ও নওগাঁ সদর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এ বি এম আবু হানিফ প্রথম আলোকে বলেন, নওগাঁ সদর জেনারেল হাসপাতালে চারটি আইসিইউ শয্যা স্থাপন করার কথা। ইতিমধ্যে দুটি আইসিইউ শয্যা ও কিছু সরঞ্জাম এসেছে। তিনি আরও বলেন, ‘যে দুটি আইসিইউ শয্যার জন্য সরঞ্জাম এসেছে, সে দুটি স্থাপন করা গেলেও হয়তো এই কদিনে দু-একজনের জীবন বাঁচাতে পারতাম। সোমবার কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালকের সঙ্গে আইসিইউ দুটি দ্রুত স্থাপনের বিষয়ে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের মধ্যে ইউনিট দুটি স্থাপনের ব্যবস্থা করবেন।’

জানতে চাইলে কেন্দ্রীয় ঔষধাগারের উপপরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে দুটি আইসিইউর জন্য ইতিমধ্যে দুটি শয্যা, প্রয়োজনীয় হাই ফ্লো নাজাল ক্যানুলা, অক্সিজেন প্ল্যান্ট থেকে অক্সিজেন সরবরাহ লাইন ও মাস্ক সরবরাহ করা হয়েছে। তবে এখনো মনিটর ও ভেন্টিলেটর সেখানে পৌঁছায়নি। এত দিনেও মনিটর ও ভেন্টিলেটর না পৌঁছানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, সে সময় তাঁদের কাছে সরঞ্জাম দুটি ছিল না। এগুলো বিদেশ থেকে আনাতে হয়। কিছু চিকিৎসা সরঞ্জামের চালান বিদেশ থেকে শিগগির চলে আসার কথা। নিজাম উদ্দিন আশা প্রকাশ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম ওই হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। সব সরঞ্জাম পৌঁছালে তিন–চার দিনের মধ্যে আইসিইউ স্থাপন করে দেওয়া যাবে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, তীব্র শ্বাসকষ্টের রোগীদের আইসিইউতে রেখে চিকিৎসা দিতে নওগাঁ সদর হাসপাতাল থেকে ৯০ কিলোমিটার দূরের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ৪৫ কিলোমিটার দূরের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক প্রশ্নের জবাবে ডেপুটি সিভিল সার্জন বলেন, এ হাসপাতালে করোনা ইউনিটে ৪৫ শয্যার বিপরীতে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৭ জন রোগী ভর্তি ছিলেন।

সিভিল সার্জন কার্যালয়ের করোনা– সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত সোমবার ৪০৫টি নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৬ দশমিক ৪১ শতাংশ। রোববার ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ৩২ শতাংশ। নওগাঁয় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ২৩ এপ্রিল। নওগাঁয় এ পর্যন্ত করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে।

ঈদের আগে গত ১৩ মে পর্যন্ত ১৪ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৫৭ জন শনাক্ত ছিলেন। নমুনার বিপরীতে শনাক্তের হার ছিল ১২ দশমিক ৯১ শতাংশ। ঈদের পর ১৬ মে থেকে গতকাল পর্যন্ত ৫ হাজার ৪৮টি নমুনা পরীক্ষায় ১ হাজার ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৩৫ শতাংশ।