করোনার সংক্রমণ বাড়ায় নাটোরে আরও সাত দিনের লকডাউন
করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় নাটোর ও সিংড়া পৌরসভায় আরও সাত দিনের কঠোর লকডাউন বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় লকডাউন বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নাটোরে করোনায় আক্রান্ত হয়ে এক দিনে চারজন মারা গেছেন। গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত চারজনের মৃত্যুর পাশাপাশি আরও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৬ শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটার মধ্যে করোনায় সংক্রমিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এক দিনে সর্বোচ্চসংখ্যক চারজন মারা গেলেন। তাঁদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্জিনা (৫০) ও দেলোয়ার হোসেনের (৪৮) এবং নাটোর সদর হাসপাতালে আহম্মদ আলী (৬০) নামের অপর একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া বড়াইগ্রামে নিজ বাড়িতে মোসলেম উদ্দিন (৬২) নামের একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৮ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় ১৭১ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের সংক্রমণ ধরা পড়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১৭০ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪১ দশমিক ১৭ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট সংক্রমণ হয়েছে ২ হাজার ৩২৬ জনের।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, গত সাত দিন কঠোরভাবে লকডাউন দেওয়ার পরও নাটোর ও সিংড়া শহরে করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ছে। তাই আরও সাত দিনের জন্য নাটোর ও সিংড়া পৌর এলাকায় লকডাউন বাড়ানো হয়েছে।