করোনার সংক্রমণ রোধে আমের বাজার স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জ শহরের হাসপাতাল সড়কের পাশের আমের বাজার সরিয়ে আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। রোববার সন্ধ্যা ছয়টার দিকে তোলা ছবি
প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ রোধে রোববার সকাল থেকে শহরের হাসপাতাল সড়কের পাশে আমের বাজার স্থানান্তর করে শহরের এক প্রান্তে আ আ ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে (নতুন স্টেডিয়াম) নিয়ে যাওয়া হয়েছে। তবে ওই বাজার স্থানান্তর করায় আমের ব্যবসায়ীরা খুশি হতে পারেননি। কারণ, আমের বিক্রি অনেক কমে গেছে।

বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত থেকে দেখা যায়, মোটামুটি ব্যস্ত রয়েছে আমের বাজার। অনেক ব্যবসায়ীকে আমের জন্য অস্থায়ীভাবে নতুন ঘর নির্মাণ করতে দেখা গেছে। কুরিয়ার সার্ভিসের লোকজন বাজারেই আম বুকিং নিচ্ছেন।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আম বিক্রি কারও হয়েছে অর্ধেক, কারও এক–তৃতীয়াংশ। দাম শনিবারের চেয়ে মণে ১০০-২০০ টাকা কম। গতকালের তুলনায় প্রথম দিন এক-তৃতীয়াংশ আম বুকিং হয়েছে।  

এ বিষয়ে আম ব্যবসায়ী সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম ও তাজিবুর রহমান বলেন, প্রশাসনের নির্দেশে রোববার সকাল সাতটায় এখানে আমের বাজার চলে আসে। এ জন্য বিষয়টি অনেক আমচাষি ও ব্যবসায়ী জানতে পারেননি। ফলে ভোরে চাষি ও ব্যবসায়ীদের নিয়ে আসা আমবোঝাই ভ্যানগুলো নতুন বাজারে না এসে চলে যায় পুরোনো বাজারে। সেখানে আমের প্রায় ১০০ ভ্যান গিয়েছিল। বাজার ফাঁকা দেখে প্রায় অর্ধেক ভ্যান চলে যায় শিবগঞ্জ উপজেলার কানসাট আমবাজারে। এ জন্য এ নতুন বাজারে আজ আমের আমদানি কম হয়েছে। বাজারদরও কমে গেছে।

জার স্থানান্তর করায় ক্ষীরশাপাতি আম শনিবার ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে, সেই আম রোববার বিক্রি হলো ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়।

আম ব্যবসায়ীরা বলেন, বাজার স্থানান্তর করায় ক্ষীরশাপাতি আম শনিবার ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে, সেই আম রোববার বিক্রি হলো ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। তবে শহরের এক প্রান্তে ও নির্জন জায়গায় বাজারটি হওয়ায় ব্যবসায়ীরা চিন্তিত রয়েছেন নিরাপত্তা নিয়ে।

নিরাপত্তা নিয়ে চিন্তিত আম ব্যবসায়ীরা
কয়েকজন আম ব্যবসায়ী জানান, গত বছর করোনার প্রথম দিকে পুরোনো বাজারের কাঁচা সবজির বাজারও এখানে স্থানান্তরিত করা হয়েছিল। ব্যবসায়ীদের অনেক ভোরে আসতে হতো। এতে অনেকেই ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন, বাইসাইকেল কেড়ে নিত।

গত বছর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া মহল্লার মো. তাজিবুর রহমান ও ব্যবসায়ী সাইফুল ইসলাম ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। তাঁরা বলেন, আম ব্যবসায়ীদের কাছে লাখ লাখ টাকা থাকে। এখানে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তা নিশ্চিত না হলে বাজার জমবে না। তাই প্রশাসনকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

তবে বাজারে আম কিনতে এসে সন্তোষ প্রকাশ করেন এক স্কুলশিক্ষক। তিনি বলেন, ‘এখানে খোলামেলা পরিবেশে আম কিনে বুকিং দিলাম, ভালোই লাগছে। এই সময় আম পাঠানো নিয়ে ব্যতিব্যস্ত থাকতে হয়। আম নিয়ে হাজার হাজার মানুষ এখন ব্যস্ত। চলছে আমের উৎসব।’