করোনায় আক্রান্ত ছিলেন না ভাটাশ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার উপসর্গ নিয়ে নরসিংদী থেকে নিজ এলাকা দিনাজপুরের খানসামা উপজেলায় বাড়ি ফেরার পথে মারা যাওয়া ৬০ বছরের বৃদ্ধ কফিল উদ্দিন করোনায় আক্রান্ত ছিলেন না। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামসুদ্দোহা মুকুল।

শামসুদ্দোহা মুকুল জানান, জ্বর-সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে নরসিংদী থেকে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সে কফিল উদ্দিনের মৃত্যু হয়। পরের দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিদল ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠান। সেখান থেকে আজ প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, মারা যাওয়া ওই বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন না।

কফিল উদ্দিন নরসিংদীর এক ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। এক সপ্তাহ ধরে তিনি জ্বর-সর্দি-শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। অবস্থা গুরুতর হওয়ায় বৃ্দ্ধের মেয়ে একটি অ্যাম্বুলেন্সে করে অসুস্থ বাবাকে নিয়ে নিজ উপজেলা খানসামার উদ্দেশে রওনা দেন। পথে তীব্র শ্বাসকষ্ট নিয়ে অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি। গত সোমবার রাতে নিজ এলাকায় পৌঁছানোর পর খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃতের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল মঙ্গলবার সকালে দাফন সম্পন্ন করার পরে বৃদ্ধের মেয়েকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব উল আলম বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ভাটাশ্রমিক কফিল উদ্দিনের করোনা প্রতিবেদন নেগেটিভ এসেছে। কিন্তু তারপরও বৃদ্ধের মেয়েকে ও তাঁর পরিবারের আরও ২ সদস্যকে ১৪ দিন অন্তত হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।