করোনায় আক্রান্ত ভাইকে বাঁচানোর আকুতি, হলো না শেষ রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ছোট ভাই নিশ্বাস নিতে পারছে না, হাই ফ্লো অক্সিজেন চলছে। তবু যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। তাকে বাঁচানোর আর কোনো উপায় থাকলে দয়া করে সহযোগিতা করুন।’

শনিবার রাত ১০টায় এমন আকুতি করেছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা শহিদুল ইসলাম ওরফে পাপ্পু। তাঁর চাচাতো ভাই শহিদুল আলম ওরফে রনিকে (২৭) বাঁচানোর জন্য এমন আকুতি করছিলেন তিনি।

সহযোগিতা করতে পারেন, এমন সম্ভাব্য ব্যক্তিদের কাছে যখন শহিদুল ইসলাম সহযোগিতা চাচ্ছিলেন, তখন তাঁর চাচাতো ভাই শহিদুল আলম করোনায় আক্রান্ত হয়ে বিআইটিআইডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের জানিয়ে দেন, শহিদুল আলম ক্লিনিক্যালি ডেড। তবু তাঁরা চেষ্টা করছেন বাঁচানোর। রাত সাড়ে ১১টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শহিদুল আলম ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। তাঁর বাড়ি ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডে। এত অল্প বয়সে মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা।

শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর দুই চাচাতো ভাইয়ের মধ্যে শহিদুল আলম ছোট। তিনি বেশির ভাগ সময়ই বাড়িতে থাকতেন। কোরবানির ঈদের আগে তিনি জ্বর থেকে মুক্ত হন। এরপর বৃহস্পতিবার রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। স্থানীয়ভাবে অক্সিজেনের ব্যবস্থা করা হয়। কিন্তু পালস অক্সিমিটারে রিডিং স্বাভাবিক দেখায়। পরদিন শুক্রবার সকালে বিআইটিআইডি হাসপাতালে নমুনা দেওয়া হয়। বিকেলে হাসপাতালটির করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। শনিবার সকালে পরীক্ষার ফল পজিটিভ আসে। ততক্ষণে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের আইসিইউ ইউনিটে স্থানান্তর করা হয়। রাতেই মারা যান তিনি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ প্রথম আলোকে বলেন, শহিদুল আলম ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ছিলেন।

বিআইটিআইডি হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ বখতিয়ার আলম প্রথম আলোকে বলেন, তাঁদের হাসপাতালে আসা সংকটাপন্ন রোগীদের বেশির ভাগই বাসায় চিকিৎসা নেন। অবস্থা সংকটাপন্ন হলেই রোগী হাসপাতালে আনা হয়। তখন বাঁচানো কষ্টকর হয়ে পড়ে। শহিদুল আলমের ক্ষেত্রেও তা–ই হয়েছে। তিনি বলেন, শহিদুল আলমকে বাঁচাতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাৎক্ষণিক তাঁকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।